ব্রিটিশ পাসপোর্ট আবেদন ফি ১০০ পাউন্ডের বেশি হতে পারে
ডেস্ক রিপোর্টঃ সরকার ঘোষণা করেছে যে, অনলাইন পাসপোর্টের আবেদন ফি প্রথমবারের মতো ১০০ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে।
নতুন প্রস্তাবনা অনুযায়ী, যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের জন্য এই ফি ৯৪.৫০ পাউন্ড থেকে বেড়ে ১০২ পাউন্ড এবং শিশুদের জন্য ৬১.৫০ পাউন্ড থেকে বেড়ে ৬৬.৫০ পাউন্ড হবে।
স্বরাষ্ট্র দপ্তর বলেছে যে, এই ৮% বৃদ্ধি তাদেরকে “এমন একটি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে যা ব্যবহারকারীদের মাধ্যমেই তার খরচ মেটাবে” এবং করদাতাদের উপর নির্ভরতা কমাবে।
সংসদের অনুমোদন সাপেক্ষে, পাসপোর্ট আবেদন ফি-এর এই পরিবর্তনগুলো ৮ই এপ্রিল থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এই পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাজ্যে ডাকযোগে আবেদনকারী প্রাপ্তবয়স্কদের ফি ১০৭ পাউন্ড থেকে বেড়ে ১১৫.৫০ পাউন্ড এবং শিশুদের জন্য ৭৪ পাউন্ড থেকে বেড়ে ৮০ পাউন্ড হতে পারে।
একদিনের প্রিমিয়াম পরিষেবা পদ্ধতির ক্ষেত্রে, মূল্য ২২২ পাউন্ড থেকে বেড়ে ২৩৯.৫০ পাউন্ড হবে।
বিদেশ থেকে আবেদনের ক্ষেত্রে, অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করলে প্রাপ্তবয়স্কদের জন্য খরচ হবে ১০৮ পাউন্ড থেকে বেড়ে ১১৬.৫০পাউন্ড এবং শিশুদের জন্য খরচ হবে ৭০পাউন্ড থেকে বেড়ে ৭৫.৫০পাউন্ড।
বিদেশ থেকে কাগজের নথি জমা দেওয়া প্রাপ্তবয়স্কদের জন্য চার্জ করা হবে ১২০.৫০পাউন্ড থেকে বেড়ে ১৩০পাউন্ড। শিশুদের জন্য, এই মূল্য ৮২.৫০পাউন্ড থেকে বেড়ে ৮৯পাউন্ড হবে।
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে যে প্রস্তাবিত এই ফি “পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ, বিদেশে কনস্যুলার সহায়তা (হারানো বা চুরি হওয়া পাসপোর্টের জন্য সহায়তা সহ), এবং যুক্তরাজ্যের সীমান্তে ব্রিটিশ নাগরিকদের প্রক্রিয়াকরণের খরচে অবদান রাখে”।
এতে আরও বলা হয়েছে যে গ্রাহকদের ভ্রমণের অনেক আগেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে ২০২৪ সালে পাসপোর্টের মূল্য ৭% এবং ২০২৩ সালে ৯% বৃদ্ধি পেয়েছিল।
যুক্তরাজ্যে পাসপোর্ট নবায়নের প্রক্রিয়াটিতে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, তবে স্কুল ছুটির আগে বা উচ্চ চাহিদার সময়ে এতে আরও বেশি সময় লাগতে পারে।