আজো রাখি ঋণ

Spread the love

শীত এসেছে মন তালাশে হাওয়ায় উড়ে পাখি –
আরাধ্য সব ভাব-ভাবনায় কাজল কালো আঁখি।

তুমি এসো শরতের প্রেমে মেঘের ডানায় করে
আবার এসো গোলাপ ফুলে ঘ্রাণের আতর ভরে ।

সত্য ছুঁয়ে মিথ্যে আঁকি ঘাসের বুকে ক্ষোভ –
বেদনা বিষে কাতর নদী হাসতে জানে না শোক ;

আঙুল ছুঁয়ে কলম কাঁদে স্মৃতির জখম দামি –
যাবো যাবো ভেবে আজও যায়নি শুধু আমি !

ঝরাপাতারা দুঃখ বোঝে ক্ষণের দাড়ি কমা
কাছের মেঘও পর হয়েছে অযুত ভুল জমা !

ফাগুন এলে আগুন গায়ে হলদে আভায় পুড়ি ;
ভেজার নেশায় অন্ধবেভুল আমি শুধুই ঘুড়ি ,

চাতক বুকে বিরাগভাজন দ্রোহের পরিক্রমায় –
এই আগুনে পুড়ছি রোজই হেলান দিয়ে ক্ষমায় ,

শোকের মাঝেই দুঃখ উড়াই সুখ বিলাসী মনে –
ঘাতক ব্যাধি মত্ত মাতাল শেষের আয়োজনে।

আর কতকাল চলবে এমন থামবে গিয়ে কোথায়
হাওয়ার গতি শ্বাসের খেলায় কষ্ট শত লুকায় !

জোয়ার ভাটায় চেয়ে দেখি ভাঙা বুকের তাকে;
হারানো দিনের গন্ধ নিয়ে কেউ যদি ফের ডাকে !

গাছের কোণে ম্লান হয়েছে প্রীতির অতীত দিন—
সজল স্মৃতিতে ধূলো জমেছে ,আমি আজো রাখি ঋণ।


Spread the love

Leave a Reply