“আমার ভোট আমি দেব প্রবাস থেকে অংশ নেবো” কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এনসিপি
ডেস্ক রিপোর্টঃ “আমার ভোট আমি দেব প্রবাস থেকে অংশ নেবো” কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন কর্মসূচী ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কোন স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন প্রকাশ করা হয়নি এমন বক্তব্য তুলে ধরবে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) । জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দলটি রবিবার বলতে পারে রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন শুরু করা হয়নি। শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত পাইলট প্রকল্প চালু করা হয়েছে।
জুলাই বিপ্লব সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। প্রবাসীদের পাঠানো প্রতি মাসের ৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স কেবল দেশের পরিবারকে নয়, দেশের অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ জীবনযাত্রাকে বাঁচিয়ে রেখেছে। তবুও আজ প্রবাসীরা ভোটের অধিকার থেকে বঞ্চিত।
রবিবার এনসিপি অ্যালায়েন্সের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হতে পারে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।