উত্তরায় বিমান দুর্ঘটনায় ১৯ জন মারা গেছে, আহত ও দগ্ধ শিক্ষার্থীসহ শতাধিক মানুষ

Spread the love

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শিক্ষার্থীসহ শতাধিক মানুষ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ সোমবার বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের আগে এ তথ্য জানান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।

দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভবনে বাচ্চাদের ক্লাস চলছিল

উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যে ভবনটিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে একজন শিক্ষক জানিয়েছেন।

মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে ঘটনাটা ঘটেছে।

“একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত করে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়,” বলেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান মি. ইসলাম।

বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ঘটনায় একজন নিহত আর অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ১৩ জনকে বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে কাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয়।


Spread the love

Leave a Reply