একজন অভিবাসীকে ফেরত পাঠাতে হোম অফিসের হাজার হাজার পাউন্ড ব্যয়
ডেস্ক রিপোর্টঃ ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে জানা গেছে, করদাতাদের হাজার হাজার পাউন্ড খরচ করে একজনমাত্র অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠাতে ‘হোম অফিস’ (যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়) একটি ভাড়া করা যাত্রীবাহী বিমান ব্যবহার করেছিল।
চলতি বছরের জানুয়ারিতে পরিচালিত ওই ফ্লাইটটিই ছিল একমাত্র বিমান যাতে মাত্র একজন অভিবাসীকে নিয়ে যাওয়া হয়েছিল; যদিও গত বছরের জুনে আটজন অভিবাসীকে পোল্যান্ডে ফেরত পাঠানোর জন্যও একটি যাত্রীবাহী বিমান ভাড়া করা হয়েছিল।
হোম অফিসের তথ্য অনুযায়ী, এক বছরের মধ্যে বিদেশি অপরাধী ও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ভাড়া করা ৭৪টি বিমানের তালিকায় এই ফ্লাইটগুলোও অন্তর্ভুক্ত ছিল। এসব ফ্লাইটে গড়ে প্রতিটির জন্য ১ লাখ ৮৬ হাজার পাউন্ড খরচ হয়েছে।
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে মোট ২,৮৩৫ জন অভিবাসীকে বিমানযোগে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। এতে মোট খরচ হয়েছে ১ কোটি ৩৮ লাখ পাউন্ড, যা মাথাপিছু প্রায় ৫ হাজার পাউন্ডের সমান।
একজনমাত্র অভিবাসীকে নিয়ে যাওয়ার জন্য বিমানটি চলতি বছরের ৭ জানুয়ারি ভাড়া করা হয়েছিল। জানা গেছে, ওই অভিবাসীর শারীরিক চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ও জটিল প্রয়োজন ছিল।
মূলত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ (একজন প্রবেশ, একজন বহির্গমন) কর্মসূচির আওতায় অভিবাসীদের ফ্রান্সে নিয়ে যাওয়ার জন্য বিমানটি নির্ধারিত ছিল। এই কর্মসূচির আওতায়, সমসংখ্যক বৈধ আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্যের কাছে হস্তান্তরের বিনিময়ে ফ্রান্স ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের গ্রহণ করে থাকে।
তবে অজ্ঞাত কারণে হোম অফিসের কর্মকর্তারা ওই অভিবাসীদের ফ্লাইট থেকে সরিয়ে নেন; ফলে চিকিৎসার প্রয়োজন থাকা ওই অভিবাসীর জন্য বিমানটি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তা না হলে চার্টার চুক্তির আওতায় কোনো অভিবাসীকে না নিয়েই বিমানটি চালানোর সুযোগ নষ্ট হতো।
‘ব্যবস্থাটি দক্ষতার সঙ্গে কাজ করছে না’
শ্যাডো হোম সেক্রেটারি (বিরোধী দলের স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র) ক্রিস ফিলপ বলেন: “ফেরত পাঠানো প্রতিটি অভিবাসীর জন্য এসব ফ্লাইটে ৪,৪৮৫ পাউন্ড খরচ হচ্ছে, যার অর্থ হলো ব্যবস্থাটি দক্ষতার সঙ্গে কাজ করছে না। এই খরচে আরও অনেক বেশি অভিবাসীকে ফেরত পাঠানো সম্ভব ছিল। এর চেয়ে অনেক কম খরচে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটেও তাদের পাঠানো যায়।”
“এটিও লক্ষণীয় যে, যেসব দেশে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী ও অপরাধী রয়েছে, তাদের নাম এই তালিকায় নেই। এই তালিকায় জ্যামাইকা, নাইজেরিয়া বা ইরাকের মতো দেশগুলো কোথায়? ওইসব দেশেরও অনেক বিদেশি অপরাধী ও অবৈধ অভিবাসী রয়েছে যাদের ফেরত পাঠানো প্রয়োজন।” এই তথ্যের মধ্যে অভিবাসীদের ফেরত পাঠানোর কাজে ব্যবহৃত নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত নয়। এছাড়া এতে নিরাপত্তা কর্মকর্তাদের খরচের বিষয়টিও ধরা হয়নি। ফ্লাইটে কোনো বিশৃঙ্খলা রোধ করতে এবং অভিবাসী ও বিদেশি অপরাধীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে এই কর্মকর্তারা তাদের সাথে নিজ দেশে যাতায়াত করেন।
স্বরাষ্ট্র দপ্তরের (হোম অফিস) একজন মুখপাত্র বলেছেন: “২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনের পর থেকে ৮০,০০০-এরও বেশি অবৈধ অভিবাসী ও বিদেশি অপরাধীকে ফেরত পাঠানো হয়েছে, যা ৪১ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
“আমরা সর্বদা বিদেশি অপরাধী এবং অভিবাসন আইন লঙ্ঘনকারীদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করব।”
সবচেয়ে বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়েছে আলবেনিয়ার ক্ষেত্রে; ১,৮১০ জন অবৈধ অভিবাসী ও বিদেশি অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠাতে ৪২টি বিমান ভাড়া করা হয়েছিল।
আনুপাতিক খরচের হিসাব অনুযায়ী, তাদের ফেরত পাঠানোর জন্য চার্টার্ড জেটের পেছনে স্বরাষ্ট্র দপ্তর ৭৮ লাখ (৭.৮ মিলিয়ন) পাউন্ড পর্যন্ত ব্যয় করেছে। একক কোনো চার্টার্ড ফ্লাইটে সবচেয়ে বেশি সংখ্যক—৭৪ জন—অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানো হয়েছিল; দেশটির সাথে যুক্তরাজ্যের বন্দি বিনিময়সহ বেশ কয়েকটি প্রত্যাবাসন চুক্তি রয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে ফেরত পাঠানোর দেশ রোমানিয়ার তুলনায় আলবেনীয়দের সংখ্যা ছিল পাঁচ গুণ বেশি; রোমানিয়ার ক্ষেত্রে সাতটি ফ্লাইটে ৩২৯ জনকে ফেরত পাঠানো হয়েছিল।
ফ্রান্সের ক্ষেত্রে ফ্লাইটের সংখ্যা বেশি ছিল—বছরে ১৪টি—তবে ফেরত পাঠানো অভিবাসীর সংখ্যা ছিল কম (২৮২ জন)। এরপর ছিল ভারতে তিনটি ফ্লাইট (১৩৬ জন যাত্রী), নাইজেরিয়া ও ঘানায় দুটি ফ্লাইট (৯৫ জন), ফ্রান্স ও আলবেনিয়ায় দুটি ফ্লাইট (৭২ জন), পাকিস্তানে একটি (৩৫ জন), পাকিস্তান ও বাংলাদেশে একটি (৩৪ জন), ভিয়েতনামে একটি (৩৪ জন) এবং পোল্যান্ডে একটি ফ্লাইট (আটজন)।