এনসিপি ইউকে অ্যালায়েন্স আহবায়ক কমিটির উদ্বোধনী সভাঃ ঐক্য, প্রবাসী অধিকার ও গণতান্ত্রিক রূপান্তরের অঙ্গীকার
ডেস্ক রিপোর্টঃ জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) ইউকে অ্যালায়েন্স আহবায়ক কমিটির উদ্বোধন সভা শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হয়। রোমফোর্ড রোডের আইভি ভেন্যুতে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে অংশ নেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও অংশ গ্রহণ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব ড. তাজনুভা জাবীন, চিফ কো-অর্ডিনেটর নাসিরউদ্দিন পাটওয়ারী।
সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের সংগঠক, নির্বাহী ও সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
এনসি ইউকে অ্যালায়েন্স আহবায়ক মাকসুদুল হক সাকুরের সভাপতিত্বে ও ইউকে চিফ অর্গানাইজার নাইমুল ইসলাম এবং সদস্য সচিব এমডি এম এ হিমেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন সভার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও রাষ্ট্র সংস্কারের পথে প্রবাসী কমিউনিটির কার্যকর ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি গণতান্ত্রিক চর্চা, জনসম্পৃক্ততা এবং প্রবাসী কমিউনিটির অংশগ্রহণকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক অধিকার, ন্যায়বিচার এবং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের মতো ইস্যুতে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন ।
সভায় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা জুলাই আন্দোলনের সময় যুক্তরাজ্য থেকে দৃঢ় প্রতিবাদ, সংহতি ও সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন।
যুগ্ম সদস্য সচিব ড. তাজনুভা জাবীন উপস্থিত সবাইকে সময়, ধৈর্য ও পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি কেন্দ্রীয় নেতৃত্ব ও ইউকে ডায়াসপোরার মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য বিনিময় ও কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন। পাশাপাশি তিনি অনলাইনে অপপ্রচার/ভুয়া তথ্য মোকাবিলা এবং সত্যভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
চিফ কো-অর্ডিনেটর নাসিরউদ্দিন পাটওয়ারী অনলাইনে যুক্ত হয়ে ১৯৭১ ও ২০২৪–সহ গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাজ্যপ্রবাসীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং প্রবাসীদের সংগঠিত ভূমিকার প্রশংসা করেন।
সভায় উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং যুক্তরাজ্যপ্রবাসীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হতে পারে।
অনুষ্ঠানে ইউকে সিনিয়র জয়েন্ট কনভেনর ড. ইমা ইসলাম কনভেনিং কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি সংগঠনের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সামনের দিনের কর্মসূচি এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি ওসমান হাদী–র ওপর সংঘটিত হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরেন|
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টি ইউকের জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম ও আবদুর গাফফার।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপি ইউকের যুগ্ম আহবায়ক ব্যারিস্টার মিজানুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি জানাল আবেদীন, মিডিয়া অ্যান্ড পিআর সেক্রেটারি মাহমুদ রহমান ইকবাল, ট্রেনিং সেক্রেটারি হাবিবুর রহমান, লন্ডন রিজিওনাল অর্গানাইজার আনসার ,ইউকে এলায়েন্সের জয়েন্ট সেক্রেটারি ফারিহা ফাহি, ইস্ট অব ইংল্যান্ড অর্গানাইজার জাকির চৌধুরী, এক্সিকিউটিভ মেম্বার রাইসা রাহা , রিজিওনাল অর্গানাইজার, বার্মিংহাম ও মিডল্যান্ডস ইকবাল হুসাইন, জয়েন্ট পলিসি অ্যান্ড লবিং সেক্রেটারি শারমিন পাপড়ি,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শানা আক্তার, ফররুদ্দিন, আল আমিন শৌরভ, আবদুল্লাহ আল মামুন, সাব্বির চৌধুরী, ইঞ্জিনিয়ার মাইনুল হাসান (নতুন সদস্য), শাহিন আহমেদ (লন্ডন রিজিওন অর্গানাইজার), আনাস আহমেদ, জুবেদা আক্তার সোনিয়া, মোহাম্মদ আবদুল আলিম প্রমুখ ।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল “রিজিওনাল ও কমিটি সেগমেন্ট”—যেখানে লন্ডন, নর্থওয়েস্ট, বার্মিংহাম, কেমব্রিজ অঞ্চলের প্রতিনিধিদের পর্যায়ক্রমে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি এক্সিকিউটিভ মেম্বার ও সেক্রেটারিয়েট মেম্বারদেরও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপট, রাজনৈতিক বাস্তবতা এবং প্রবাসী কমিউনিটির ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সমাপনী পর্বে কেক কাটা এবং পরে প্রীতিভোজ পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম সম্পন্ন হয়।