কেয়ার কর্মীদের বিশেষ ছাড়: ৫০,২৭১ পাউন্ডের কম আয় করলে আইএলআর (ILR) ১০ বছর
নতুন নীতিমালা অনুযায়ী, যেসব অভিবাসী কেয়ার কর্মী তাঁদের ভিসার শর্তাবলী সঠিকভাবে পূরণ করেছেন এবং বছরে অন্তত ২৫,০০০ পাউন্ড আয় করেন, তাঁরা আগের নিয়মেই ৫ বছর পর স্থায়ীভাবে বসবাসের (ILR) আবেদন করতে পারবেন। এই অনুমতি পাওয়ার পর তাঁরা ব্রিটেনে অনির্দিষ্টকালের জন্য বসবাস ও কাজ করার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা (public funds) পাওয়ার অধিকারী হবেন।
তবে কসাই বা শেফের মতো কম দক্ষতাসম্পন্ন অভিবাসী কর্মী এবং প্রায় ১ লক্ষ কেয়ার কর্মী—যাঁরা কোনো কারণে তাঁদের ভিসার শর্ত পূরণ করতে পারেননি—তাঁদের যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেতে ৫ বছরের পরিবর্তে ১০ বছর অপেক্ষা করতে হবে।
শাবানা মাহমুদের এই দীর্ঘমেয়াদী এবং ভূতাপেক্ষ (আগে আসা অভিবাসীদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া) শর্তাবলীর বিরুদ্ধে ক্যাবিনেটের ভেতরেই প্রথম বড় ধাক্কাটি আসে। কমিউনিটিস সেক্রেটারি অ্যাঞ্জেলা রেইনার এই নীতিকে ‘অ-ব্রিটিশ’ এবং ‘অন্যায়’ বলে অভিহিত করে এর তীব্র বিরোধিতা করেন। তাঁর মতে, আগে থেকে যুক্তরাজ্যে থাকা অভিবাসীদের ওপর হঠাৎ এমন নিয়ম চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের নিট অভিবাসনের হার বর্তমানে নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরে নিট অভিবাসন যেখানে সর্বোচ্চ ৯ লাখ ৪৪ হাজারে পৌঁছেছিল, তা ২০২৫ সালের শেষ নাগাদ উল্লেখযোগ্যভাবে কমে মাত্র ১ লাখ ৭১ হাজারে এসে দাঁড়িয়েছে।
অভিবাসী হিসেবে স্থায়ী বসবাসের সময়সীমা – এক নজরে
তিন বছর: যাদের আয় ১,২৫,১৪১ পাউন্ডের বেশি এবং যারা ‘গ্লোবাল ট্যালেন্ট’ (Global Talent) বা ‘ইনোভেশন ফাউন্ডার’ (Innovator Founder)-এর মতো উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসী ক্যাটাগরিতে রয়েছেন।
পাঁচ বছর: যাদের বেতন ৫০,২৭১ পাউন্ডের বেশি এবং যারা উচ্চ হারে কর প্রদান করেন; এছাড়া ডাক্তার, নার্স ও শিক্ষকদের মতো দক্ষ সরকারি পরিষেবা কর্মী এবং নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থী।
দশ বছর: অন্যান্য সকল অভিবাসীর জন্য এটিই এখন নতুন আদর্শ সময়সীমা; এছাড়া যেসব শরণার্থী পরবর্তীতে কর্মজীবন বা পড়াশোনায় যুক্ত হন, তাদের জন্যও এই সময়সীমা প্রযোজ্য।
বিশ বছর: যারা যুক্তরাজ্যে থাকাকালীন নির্দিষ্ট কিছু সরকারি সুবিধা (বেনিফিট) গ্রহণ করেন অথবা ভিসাসংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘন করেন; এছাড়া যেসব শরণার্থী ছোট নৌকায় (small boat) করে এসেছেন এবং পরবর্তীতে কর্মজীবন বা পড়াশোনায় যুক্ত হয়েছেন।
ত্রিশ বছর: যেসব শরণার্থী ছোট নৌকায় (small boat) করে এসেছেন এবং যারা কর্মজীবন বা পড়াশোনায় যুক্ত হননি।