গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সাথে ব্যারিস্টার নাজির আহমদের মতবিনিময়: রোহিঙ্গাদের পক্ষে ঐতিহাসিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ
ডেস্ক রিপোর্টঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গাম্বিয়ার ন্যাশনাল পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি (এমপি)-র সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক মতবিনিময়ে মিলিত হয়েছেন ব্যারিস্টার নাজির আহমদ। তিনি লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেবে বর্তমানে গাম্বিয়া সফরে রয়েছেন।
ব্যারিস্টার নাজির আহমদ সকালে পার্লামেন্ট ভবনে পৌঁছালে ভারপ্রাপ্ত স্পিকার সিডি এস.কে. এনজি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠককালে ভারপ্রাপ্ত স্পিকার গাম্বিয়ায় ইক্বরা ইন্টারন্যাশনালের বহুমুখী চ্যারিটি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার মানবিক কাজে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জবাবে ব্যারিস্টার নাজির আহমদ গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশগুলোতে ইক্বরা ইন্টারন্যাশনালের সেবামূলক কর্মকাণ্ড আরও প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়ের একপর্যায়ে ব্যারিস্টার নাজির আহমদ রোহিঙ্গা সংকটে গাম্বিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, “মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর চালানো নির্মম গণহত্যার বিষয়ে বিশ্ব যখন নীরব ভূমিকা পালন করছিল, তখন গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে (ICJ) মায়ানমারের বিরুদ্ধে মামলা লড়ে এক ঐতিহাসিক ও সাহসী ভূমিকা রেখেছে।” এই অনন্য ভূমিকার জন্য তিনি গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৈঠক শেষে ইক্বরা ইন্টারন্যাশনাল গাম্বিয়ার টিম প্রধান ও দেশটির সংসদ সদস্য (এমপি) মদৌ লামি বি. বাহ ব্যারিস্টার নাজির আহমদকে পুরো পার্লামেন্ট ভবন ঘুরিয়ে দেখান।
পরবর্তীতে ভারপ্রাপ্ত স্পিকারের বিশেষ আমন্ত্রণে ব্যারিস্টার নাজির আহমদ পার্লামেন্টের চলমান অধিবেশন পর্যবেক্ষণ করেন। অধিবেশনের শুরুতে স্পিকার সিডি এস.কে. এনজি অত্যন্ত মর্যাদার সাথে ঘোষণা করেন, “লন্ডন থেকে আগত ব্যারিস্টার নাজির আহমেদ আজ আমাদের মাঝে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং তিনি আমাদের আজকের এই অধিবেশন পর্যবেক্ষণ করবেন।”
উল্লেখ্য, গাম্বিয়ার বর্তমান স্পিকার ফাবাকারি তোমবং জাতা (এমপি) রাষ্ট্রীয় সফরে সাউথ আফ্রিকায় থাকায় ডেপুটি স্পিকার সিডি এস.কে. এনজি বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।