গোয়াইনঘাটে জিএসসির উদ্যোগে নগদ অর্থ ও সেলাইমেশিন বিতরণ
ডেস্ক রিপোর্টঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে সুবিধাবঞ্চিতদের মধ্যে নগদ অর্থ ও সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বঙ্গবীর স্কুলে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের (জিএসসি) উদ্যোগে প্রত্যন্ত এই অঞ্চলের প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় নারীদের স্বাবলম্বী করে তুলতে বিনামূল্য প্রশিক্ষণ শেষে ২ জনকে সেলাইমেশিন বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেখক প্রকাশক জিবলু রহমান এবং সভাপতিত্ব করেন জিএসসি সিলেট চ্যাপ্টারের সদস্য নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর নূর আহমদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার লবীব আহমদ, দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক শহিদুল ইসলাম, চ্যানেল এস সিলেট অফিসের শামীম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রবাসীরা প্রবাসে গিয়ে শুধু নিজেদের কথা চিন্তা করেন না, তারা এদেশের মানুষের কথাও ভাবেন, চিন্তা করেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সবসময়। এদেশের দুর্যোগে, সংকটে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। ২২ এর বন্যাতেও তারা অবিস্মরণীয় অবদান রেখেছেন। জিএসসি প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের মানুষের কল্যাণে কাজ করছে, বিপদে পাশে থাকছে। আজকের এই ঈদের সময়ে তারা নিজেদের ঈদের পেছনে সময় ব্যয় না করে গরীব দুঃখী মানুষের কথা ভেবেছেন, তাদের পাশে থাকছেন। এতে মানুষ উপকৃত হচ্ছেন। আর নারীদের প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ করে একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, যা তার পরিবারকে এখন সে নিজেই চালাতে পারবে।
এসময় বক্তারা বলেন, একজন প্রবাসী যখন দেশ ছাড়েন, তিনি শুধু কর্মসংস্থানের জন্য যান না; বরং তিনি তার পরিবারের স্বপ্ন এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বুকভরা আশা নিয়ে যান। কিন্তু নিজের কষ্টের উপার্জিত অর্থ থেকে একটি অংশ বাঁচিয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন, তা সত্যিই অতুলনীয়। আমরা এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। যারা এই আয়োজনের পেছনে দিনরাত শ্রম দিয়েছেন এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, মহান আল্লাহ তায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন।