ঢাকা-৮ আসনের ফল এখনও প্রকাশিত হয়নি, দুপক্ষের মধ্যে উত্তেজনা
বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয়ের ফটকের বাইরে অবস্থান নিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের অনুসারীরা। তাঁরা বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সেখানে অবস্থান নেন। কার্যালয়ের ভেতরে রয়েছেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা। মূল ফটকের বাইরে বিএনপির নেতা-কর্মীরা মির্জা আব্বাসের নামে বিভিন্ন স্লোগান ও করতালি দিচ্ছেন। স্লোগানে স্লোগানে তাঁরা মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের বিজয়ী বলছেন। অন্যদিকে গেটের ভেতরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। একপর্যায়ে সেখানে সেনাসদস্যরা এসে অবস্থান নিয়েছেন।
এদিকে মির্জা আব্বাসের অনুসারীরা দাবি করেছেন, মির্জা আব্বাস জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। আসনটির ১০৯ কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এসব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য মতে, পোস্টাল ভোট বাদে ৫৬ হাজার ৫৫২ ভোট পেয়েছেন মির্জা আব্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি ভোট। পোস্টাল ও বাকি এক কেন্দ্রের ভোট প্রকাশিত হলেই জানা যাবে এ আসনটির বিজয়ীর নাম।
নির্বাচনের ফল নিয়ে উত্তেজনার মধ্যেই রাত পৌনে ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি ওই সময় থেকে এখন পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কক্ষে কয়েকজন নেতা-কর্মীসহ অবস্থান করছেন। আফরোজা আব্বাস কয়েকটি কেন্দ্রের বাতিল হয়ে যাওয়া ভোটকে বৈধ ভোট হিসেবে গ্রহণ করা এবং কয়েকটি কেন্দ্রে ভোট আবার গণনার দাবি নিয়ে এসেছেন বলে জানিয়েছেন, বিএনপির নেতা-কর্মীরা। এমন পরিস্থিতিতে রাত পৌনে ১টার দিকে এনসিপির কয়েকজন নেতা-কর্মী ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে আসেন। রাত পৌনে ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করছেন।