তাজপুর ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাবেক শিক্ষক ড. মো: মশাহিদ আলীর ১০ লাখ টাকা অনুদান
সিলেট অফিসঃ সিলেটের ওসমানীনগরের ঐতিহ্যবাহী তাজপুর ডিগ্রি কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও সহ-পাঠ্যক্রমের বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: খসরুজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মুনমুন নাহার আশা, ওসমানী নগর উপজেলার সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী এবং কলেজের সাবেক শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক ড. মশাহিদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব এসটিএম ফখরুদ্দিন, ওমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ শিক্ষক এবং সহ-পাঠ্যক্রম প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। একই সাথে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।

সাবেক শিক্ষক ড. মো: মশাহিদ আলীর ১০ লাখ টাকা অনুদান:
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও কলেজের সাবেক শিক্ষক ড. মো: মশাহিদ আলী তাঁর পুরনো কর্মস্থলে এসে কলেজের সার্বিক উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। একই সাথে তিনি নিজের লেখা বেশ কিছু মূল্যবান বই কলেজ লাইব্রেরির জন্য উপহার হিসেবে তুলে দেন। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ড. মশাহিদ আলী সেখানে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি গুণগত সাংবাদিকতার (Quality Journalism) ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অনুষ্ঠানে তাঁর এই অনন্য অর্জনের প্রশংসা করে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।