পবিত্র মাহে রমজান: সংযম, সচেতনতা ও আত্মশুদ্ধির অনন্য আহ্বান
জাহিদুল হক শ্রাবণ: মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যা কেবল দিনপঞ্জির একটি তারিখ নয় বরং এক বিশেষ অনুভূতি, এক আলাদা পরিবেশ, এক ভেতরের জাগরণ। রমজান ঠিক তেমনই একটি মাস যে মাস আমাদের দৈনন্দিন অভ্যাসের ভিড় থেকে সরিয়ে নিয়ে যায় আত্মসমালোচনা ও আত্মসংযমের এক শান্ত আঙিনায়।
রমজান মানেই শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় থেকে বিরত থাকা নয়। রমজান হলো নিজের ভেতরের মানুষটিকে যাচাই করার মাস। আমরা সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করি কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো, আমরা কি আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছি? আমরা কি আমাদের অহংকারকে দমন করতে পারছি? আমরা কি আমাদের কথাবার্তা ও আচরণে সংযম আনতে পারছি?
এই মাস আমাদের শেখায় মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা আছে, আর সেই সীমাবদ্ধতাকে স্বীকার করেই মহান স্রষ্টার সামনে বিনয়ী হওয়া প্রয়োজন। রোজা কেবল শরীরের অনুশীলন নয়; এটি আত্মারও পরিশুদ্ধি। ক্ষুধার অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় সেইসব মানুষের কথা, যারা বছরের অধিকাংশ সময়ই অনাহারে দিন কাটায়। তাই রমজান আমাদের মাঝে সহমর্মিতা ও মানবিকতার বীজ বপন করে।
এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ কুরআন যা মানবজাতির জন্য হেদায়াত, ন্যায় ও সত্যের দিকনির্দেশনা। কুরআনের শিক্ষা কেবল পাঠের জন্য নয়; তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য। রমজান আমাদের সেই সুযোগ করে দেয় নিজেকে কুরআনের আলোয় নতুন করে সাজানোর।
রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দান ও ক্ষমা। এই মাসে আমরা যাকাত, ফিতরা ও সদকার মাধ্যমে আমাদের সম্পদের একটি অংশ অন্যের কল্যাণে ব্যয় করি। এতে সমাজে সাম্য ও সহমর্মিতার চর্চা হয়।
পাশাপাশি আমরা চেষ্টা করি যারা আমাদের কষ্ট দিয়েছে, তাদের ক্ষমা করতে; যাদের প্রতি আমরা অন্যায় করেছি, তাদের কাছে ক্ষমা চাইতে। কারণ প্রকৃত ইবাদত তখনই পূর্ণতা পায়, যখন তা মানুষের সাথে আমাদের সম্পর্ককেও সুন্দর করে তোলে।
রমজানের সন্ধ্যাগুলো এক বিশেষ আবহ তৈরি করে। ইফতারের আগে দোয়ার মুহূর্ত, পরিবারের সাথে একসাথে বসে ইফতার করা, মসজিদে তারাবির নামাজ সব মিলিয়ে এক ধরনের আধ্যাত্মিক ঐক্য অনুভূত হয়। শহরের কোলাহলের মাঝেও যেন এক নীরব প্রশান্তি নেমে আসে। মানুষ কিছুটা হলেও নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি দাঁড়ায়।
তবে একটি প্রশ্ন সবসময় সামনে আসে রমজানের পর কী? এই মাস শেষে যখন ঈদের আনন্দ আসে, তখন কি আমরা রমজানের শিক্ষাগুলো ধরে রাখতে পারি? যদি রমজান আমাদের ধৈর্য শেখায়, তবে কি আমরা সেই ধৈর্য বছরজুড়ে বজায় রাখি? যদি রমজান আমাদের সততা শেখায়, তবে কি আমরা লেনদেন ও আচরণে সেই সততা রক্ষা করি?
রমজানের প্রকৃত সফলতা এখানেই এই মাস আমাদের বদলে দিতে পারে কি না। কেবল রোজা রাখলেই দায়িত্ব শেষ নয়; বরং রোজার মাধ্যমে অর্জিত আত্মনিয়ন্ত্রণ ও মানবিকতাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দেওয়াই হলো আসল লক্ষ্য।
পবিত্র রমজান আমাদের জন্য এক নবজাগরণের সুযোগ। এটি আমাদের শেখায় নিজেকে নতুন করে গড়তে, ভ্রান্তি থেকে ফিরতে, ভালোকে গ্রহণ করতে এবং মন্দকে বর্জন করতে। এই মাস আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল দেহ নই, আমরা আত্মাও; আর সেই আত্মার যত্ন নেওয়াও আমাদের দায়িত্ব।
আসুন, এই রমজানে আমরা শুধু ইবাদতের পরিমাণ বাড়ানোর চেষ্টা না করে, ইবাদতের মান উন্নত করি। আমাদের আচরণে শুদ্ধতা, কথায় নম্রতা, কাজে সততা এবং মনে সহমর্মিতা আনতে চেষ্টা করি। যেন রমজান শেষ হলেও তার আলো আমাদের জীবনে স্থায়ী হয়ে থাকে। রমজান হোক আমাদের জীবনের নতুন সূচনা, আত্মশুদ্ধির দৃঢ় অঙ্গীকার এবং মানবিকতার পুনর্জাগরণ।
লেখকঃ
জাহিদুল হক শ্রাবণ
রোভার মেট
অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ।