পিস্তল হাতে ‘মাদক অভিযানে’ প্রতিমন্ত্রী ইশরাক, আইনি এখতিয়ার ও নীতিমালার লঙ্ঘন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গেণ্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে তার ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস এবং অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমেই একদল লোককে ধাওয়া করছেন তিনি। এ সময় পিস্তলের স্লাইড টেনে সেটি গুলি করার জন্য প্রস্তুত করে লোকগুলোর দিকে তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে দেখা যায় তাকে। ভিডিওতে সাদা পোশাকের আরও একজনকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’।
ঘটনার বিষয়ে গেণ্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ‘উনারা ছয়জনকে ধরে মাদকসেবী বলে জানালে আমরা গিয়ে নিয়ে আসি। তাদের কাছে কিছু পাউডার পাওয়া গেছে। সেগুলো কী, তা পরীক্ষায় জানা যাবে।’
এ ধরনের অভিযান চালানোর আগে পুলিশকে জানানো হয়েছিল কি না, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, ছয়-সাতজনকে ধরে তিনি থানায় দিয়েছেন। প্রতিমন্ত্রী মহোদয় অভিযানের বিষয়ে পুলিশকে আগে থেকে জানাননি, আমরা পরে বিষয়টি জেনেছি।’
এদিকে, শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
তিনি বলেছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি তার নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরও বড় হবে।”
পোস্টে আরও বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
মন্ত্রীদের মাদক অভিযানের কোনো আইনি এখতিয়ার নেই, নীতিমালা লঙ্ঘন
দেশের প্রচলিত আইন অনুযায়ী একজন সাধারণ নাগরিক বা সরকারের একজন মন্ত্রী/প্রতিমন্ত্রী কোনো অবস্থাতেই ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে নিজে “অভিযান” চালাতে পারেন না। বাংলাদেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা বা কাউকে আটক করার আইনি কর্তৃত্ব কেবল নির্দিষ্ট কিছু আইন প্রয়োগকারী সংস্থার—যেমন পুলিশ, র্যাব (RAB) বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)-এর রয়েছে। ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুযায়ী সাধারণ নাগরিক কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো অপরাধীকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সাময়িকভাবে আটক (Citizen’s Arrest) করতে পারেন, কিন্তু এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে নিজস্ব বাহিনী সাজিয়ে সরাসরি অভিযান বা স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আইনে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও ব্যবহার নীতিমালার ২৫(ক) উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি কেবল নিজের আত্মরক্ষার জন্যই তাঁর লাইসেন্সকৃত ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবেন। অন্যের মনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি হতে পারে, এমনভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন বা ব্র্যান্ডিং করা সম্পূর্ণ বেআইনি। ভিডিওতে প্রতিমন্ত্রীর দেহরক্ষীদের স্থানীয় মানুষকে লাথি দেওয়া এবং “গুলি করে দেব” বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের দণ্ডবিধি (Penal Code) অনুযায়ী, আগ্নেয়াস্ত্র দিয়ে এভাবে প্রকাশ্য জনসম্মুখে ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়ার অপরাধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড হতে পারে। ওয়ারী জোনের অতিরিক্ত উপকমিশনার (ADC) এবং গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন যে, এই অভিযানের ব্যাপারে প্রতিমন্ত্রী বা তাঁর কার্যালয় থেকে পুলিশকে আগে থেকে কিছুই জানানো হয়নি। অভিযান শেষে ৬ জনকে আটক করার পর পুলিশকে ডেকে তাঁদের হস্তান্তর করা হয়।
