প্রবাসশীর্ষ সংবাদ

পূর্ব লন্ডনে সিলেটি যুবককে গুলি করে হত্যা, তদন্ত শুরু

Spread the love

ডেস্ক রিপোর্টঃ পূর্ব লন্ডনের নিউহ্যামে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে এক মর্মান্তিক গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। একটি গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাছুম আহমদ (৪০) নামে ওই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের মোহাম্মদ আমির আলীর জ্যেষ্ঠ পুত্র। এ পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা একটি হত্যা মামলার তদন্ত শুরু করেছেন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর রাত আনুমানিক ৩টার দিকে নিউহ্যামের সেন্ট বার্থোলোমিউস রোডে গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মেট পুলিশ, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং আকাশপথে দ্রুত সহায়তার জন্য লন্ডনস এয়ার অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় মাছুম আহমদকে পাওয়া যায় । চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয় । 
নিহত মাছুম আহমদ ছেলেবেলা থেকেই যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছিলেন। এর মধ্যে কয়েকবার তিনি বাংলাদেশেও এসেছিলেন। তাঁর এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে বাবা ছাড়া মাছুমের পরিবারের বাকি সব সদস্যই যুক্তরাজ্যে বসবাস করছেন। 
নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় রাত চারটার দিকে হঠাৎ পুলিশ তাঁদের বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা খুলে দিলে পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। তিনি হ্যাঁ বলার পর পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ বর্তমানে তাঁর ভাইয়ের মরদেহ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে কঠোর পুলিশি নিরাপত্তাবেষ্টনী (ক্রাইম সিন) জারি করা হয়েছে । তদন্তের নেতৃত্বদানকারী ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ড্যান হুইটেন নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “আমরা জানি এই ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করবে। আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আমার দল সম্ভাব্য সবকিছু করছে ।
পুলিশ ঘটনার সময় কোনো কিছু প্রত্যক্ষ করা বা সিসিটিভি/ড্যাশক্যাম ফুটেজ থাকা ব্যক্তিবর্গের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। যেকোনো তথ্য ১০১ (101) নম্বরে কল করে CAD797/18AUG রেফারেন্স উল্লেখ করে অথবা নাম প্রকাশ না করে ক্রাইমস্টপার্স-এর ০৮০০ ৫৫৫ ১১১ (0800 555 111) নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে ।

দক্ষিণ-পশ্চিম লন্ডনের ক্ল্যাপহ্যামে ২৫ বছর বয়সী এক বাস ড্রাইভার আগস্ট-মারি বাইল-আকা আমোয়া-কে গুলি করে হত্যার ঠিক এক সপ্তাহ পরেই নিউহ্যামের এই হত্যাকাণ্ডটি ঘটল । মেট পুলিশের সাম্প্রতিক অপরাধের পরিসংখ্যান অনুযায়ী, লন্ডনে বন্দুক-সংক্রান্ত অপরাধের হার আগের চেয়ে বেশ উদ্বেগজনক।
পরিসংখ্যান বলছে, আগস্ট ২০২৫ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত রাজধানীজুড়ে ১,৬৭৯টি বন্দুক-সংক্রান্ত অপরাধ নথিভুক্ত হয়েছে । যদিও এটি পূর্ববর্তী বছরের (১,৯১৮টি) তুলনায় কিছুটা কম, তবে ২০২২-২০২৩ (১,৪৯২টি) এবং ২০২৩-২০২৪ (১,৬২৪টি) অর্থ-বছরের তুলনায় অনেক বেশি। মেট পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে লন্ডনের এনফিল্ড (১১০টি অপরাধ) এবং ব্রেন্ট (১০৮টি অপরাধ) এলাকা বন্দুক-সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ।

Spread the love

Leave a Reply