ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-আগুন
রাজধানীর কাকরাইলে ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের অগ্নি-সংযোগ ও ভাঙচুর করছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ সন্ধ্যায় শাহবাগে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশ শেষ করে মিছিল নিয়ে এসে এ হামলা শুরু করে দলটির নেতাকর্মীরা।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে।
এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে, গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ.
