যুক্তরাজ্যে তীব্র শীতের হলুদ সতর্কতা

Spread the love

মো. সাজ্জাদ হোসেন: নববর্ষের শুরুতেই যুক্তরাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীত ও ভারী তুষারপাতের আশঙ্কায় উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। মেট অফিস জানিয়েছে, স্কটল্যান্ডের বিভিন্ন অংশে তুষার ও বরফের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যা কার্যকর থাকবে ১ জানুয়ারি সকাল ৬টা থেকে ২ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত।

এদিকে ইংল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম অঞ্চলে অ্যাম্বার কোল্ড হেলথ অ্যালার্ট জারি করেছে যুক্তরাজ্য হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA)। এই সতর্কতা ৫ জানুয়ারি দুপুর পর্যন্ত বহাল থাকবে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা বয়স্ক ও অসুস্থদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

মেট অফিস সতর্ক করে জানিয়েছে, ঘন ঘন ও ভারী তুষারপাতের ফলে সড়ক ও রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। শুক্রবার সকাল নাগাদ অনেক এলাকায় ২–৫ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও তা ১০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ২০০ মিটার উচ্চতার ওপরে কিছু অঞ্চলে ১০–২০ সেন্টিমিটার এবং পাহাড়ি ও উঁচু রাস্তায় ৩০ সেন্টিমিটারের বেশি তুষার জমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

UKHSA জানিয়েছে, এই তীব্র শীত স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতে চাপ বাড়াতে পারে। বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং আগে থেকেই স্বাস্থ্য সমস্যায় ভোগা মানুষের মধ্যে হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। হাসপাতাল ও কেয়ার হোমে ভেতরের তাপমাত্রা সুপারিশকৃত ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।

কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, ঘরের ভেতর পর্যাপ্ত উষ্ণতা বজায় রাখা এবং বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে।


Spread the love

Leave a Reply