হিথ্রো থেকে আসা একটিসহ ব্রিটেনের চারটি ফ্লাইটে বোমা হামলার হুমকি
ডেস্ক রিপোর্টঃ গত ২৪ ঘণ্টায় একের পর এক হুমকির ধারাবাহিকতায় যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা আরও চারটি যাত্রীবাহী ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি হেথ্রো থেকে ছেরে যাওয়া ফ্লাইট রয়েছে।
মঙ্গলবার সকালে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে পোলিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রওনা হওয়ার পর সেটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এর ফলে বিমানটিকে ওয়ারশ মডলিন বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।
বিমানটিতে থাকা ১৮১ জন যাত্রী ওয়ারশ শোপিন বিমানবন্দরে যাওয়ার কথা থাকলেও, দিক পরিবর্তনের ছয় মিনিট পর সকাল ১০টা ১ মিনিটে সেটিকে জরুরি গন্তব্য হিসেবে মডলিন বিমানবন্দরে অবতরণ করানো হয়।
মঙ্গলবার সকালে ম্যানচেস্টার থেকে মুরসিয়াগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটেও একটি “লিখিত নিরাপত্তা হুমকি” দেওয়া হয়।
বিমানটি স্পেনের মুরসিয়া বিমানবন্দরে নির্ধারিত সময়েই অবতরণ করে। সেখানে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল যাত্রীদের স্বাগত জানায়। তবে আঞ্চলিক গভর্নর ফ্রান্সিসকো লুকাস জানিয়েছেন, সিভিল গার্ড তল্লাশি চালিয়ে সেখানে কোনো বিস্ফোরক খুঁজে পায়নি।
এছাড়া মঙ্গলবার কোপেনহেগেন থেকে ওয়ারশ শোপিন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের (এসএএস) একটি বিমানেও একই ধরনের বোমা হামলার হুমকির পর বিস্ফোরক আছে কি না, তা পরীক্ষা করা হয়।
গত দুই দিনে বোমা হামলার হুমকির কারণে এটি চতুর্থ ফ্লাইট, যাকে হয় অন্য গন্তব্যে সরিয়ে নিতে হয়েছে অথবা মাটিতে আটকে রাখতে হয়েছে। এ ঘটনাগুলো বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এয়ারলাইনসগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সোমবার যুক্তরাজ্য থেকে বুলগেরিয়াগামী উইজ এয়ারের একটি ফ্লাইটেও মাঝ আকাশে বোমা হামলার আতঙ্ক ছড়িয়ে পড়লে সেটিকে হাঙ্গেরিতে জরুরি অবতরণ করানো হয়।
যদিও এখন পর্যন্ত কেউ এসব বোমা হামলার হুমকির দায় স্বীকার করেনি, তবে পোল্যান্ড সতর্ক করেছে যে, ন্যাটো মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ বা মিশ্র যুদ্ধের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সোমবার রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদের সঙ্গে পোল্যান্ডের সীমান্তে অন্তর্ঘাতমূলক হামলা বা সশস্ত্র অনুপ্রবেশের সতর্কবার্তা পাওয়ার পর সেখানে পোল্যান্ডের সন্ত্রাসবিরোধী পুলিশ মোতায়েন করা হয়েছে।
পোলিশ পুলিশ প্রধান মারেক বোরন জানিয়েছেন, উত্তর-পূর্ব পোল্যান্ডের ওয়ারমিয়ান-মাসুরিয়ান এবং পোদলাস্কি অঞ্চলে এই পুলিশ ইউনিটগুলো সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে।
মঙ্গলবার সকালে মডলিন বিমানবন্দরে বোমা হামলার আতঙ্ক ছড়িয়ে পড়লে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি অবতরণের পর বোমা নিষ্ক্রিয়কারী দল সেটিকে ঘিরে ফেলে। এরপর বিশেষজ্ঞরা বিমানটি এবং যাত্রীদের মালপত্র পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা বিমান থেকে নেমে এসেছেন এবং কর্তৃপক্ষ তাঁদের অ্যারাইভাল হলে (আগমনী হল) নিয়ে গেছেন।
মডলিন বিমানবন্দরের এক বিবৃতি অনুযায়ী, হিথ্রো থেকে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে আসা বিমানটিকে সকাল ৯টা ৫৪ মিনিটে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। এর কারণ হিসেবে জানানো হয়েছে, বিমানটিতে “বিস্ফোরক দ্রব্য থাকার তথ্য” পাওয়া গিয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
এতে বলা হয়: “আমরা আপনাদের জানাতে চাই যে, সকাল ১০টা ১ মিনিটে ওয়ারশ মডলিন বিমানবন্দরে অবতরণ করা একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স (Boeing 737 MAX) বিমানে বোমা থাকার সতর্কবার্তা পাওয়ার পর, যাত্রীদের বিমান থেকে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”
“বিমান থেকে নামার পর যাত্রীরা ওয়ারশ মডলিন বিমানবন্দরের অ্যারাইভাল হলে অপেক্ষা করবেন।”
“নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতির মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে এই মুহূর্তে আমরা আর কোনো তথ্য দিতে পারছি না।”
“আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ারশ মডলিন বিমানবন্দর বন্ধ থাকবে।”
সোমবার ‘উইজ এয়ার’ (Wizz Air)-এর একটি ফ্লাইটের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল। লন্ডন লুটন থেকে সোফিয়াগামী ওই বাণিজ্যিক বিমানটিকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য হাঙ্গেরির একটি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল।