লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ জয়নুল আবেদীনঃ প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ইনডোর গেমস প্রতিযোগিতা। গতকাল ৩১ মে (রোববার) ক্লাব কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের প্রাণবন্ত উপস্থিতিতে এই অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরামুল হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায় ইনডোর গেমসের আসরটি একসময় ক্লাব সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সাংবাদিকরা এই আয়োজনে অংশ নেন।
দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দাবা, ক্যারম ও লুডু খেলায় সদস্যরা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মেতে ওঠেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রফি ও চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়।
এবারের প্রতিযোগিতায় দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শামীম আহমদ এবং রানার্সআপ হন আসাদ্দুজ্জামান মুকুল। ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মাহবুবুর রহমান ও রানার্সআপ হন সামসুল ইসলাম। এছাড়া লুডু ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বুলবুল হাসান এবং রানার্সআপ হয়েছেন বাহার উদ্দিন।
টুর্নামেন্ট শেষে বিকেলে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। সমাপনী বক্তব্যে প্রেস ক্লাব প্রেসিডেন্ট তারেক চৌধুরী প্রতি বছরের ন্যায় এবারের ইনডোর টুর্নামেন্টটিও সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ইনডোর গেমসের সফল সমাপ্তির পর লন্ডন বাংলা প্রেস ক্লাব শীঘ্রই আউটডোর গেমস (ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট) আয়োজন করতে যাচ্ছে। ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে আগামী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টও বেশ জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।