সচিবালয়ে ক্যু অব্যাহত থাকলে পরিণতি হবে হাসিনার মতো: হাসনাত
সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ এর ৪টি ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সাবধান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।’
এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা আরও লেখেন, ‘বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান’
সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ এর ৪টি ধারা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশে কর্মবিরতির ঘোষণাও দেওয়া হয়েছে। অনুমোদিত অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন তারা।
আন্দোলনকারীদের দাবি, শৃঙ্খলাভঙ্গের জন্য বিভাগীয় মামলা না করে শুধু কারণ দর্শানোর নোটিশে চাকরিচ্যুতিসহ ৪টি ধারা যুক্ত হয়েছে নতুন অধ্যাদেশে। নতুন অধ্যাদেশের কারণে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্তের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তারা।
গত ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। গত রোববার অধ্যাদেশটি গেজেট প্রকাশ হয়।