ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের সংবাদ সম্মেলনঃ স্বাধীন পরিচালনা পরিষদ গঠন, অর্থ উদ্ধার ও প্রবাসী পরিচালক নিয়োগসহ ৮ দফা দাবি
মোঃ জয়নুল আবেদীনঃ দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা, প্রকৃত মালিকানা প্রত্যর্পণ এবং প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা দেশের অর্থনৈতিক খাতকে রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবমুক্ত করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার জোর দাবি জানান।
১. স্বাধীন ও পেশাদার পরিচালনা পরিষদ গঠন:
আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে সম্পূর্ণ স্বাধীন, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পরিষদ গঠন করতে হবে।
২. রাজনৈতিক ও কর্পোরেট প্রভাবমুক্তকরণ: কোনো ধরনের রাজনৈতিক বা কর্পোরেট অপশক্তি যাতে পরিচালনা পর্ষদকে কুক্ষিগত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
৩. প্রকৃত মালিকানা প্রত্যর্পণ: অতীতে জোরপূর্বক বা অনিয়মতান্ত্রিকভাবে কেড়ে নেওয়া প্রকৃত মালিকানা অবিলম্বে আসল অংশীদারদের কাছে ফিরিয়ে দিতে হবে।
৪. লুটপাটের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল: দেশের অর্থনৈতিক খাতে যারা নজিরবিহীন লুটপাট ও জালিয়াতি করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে একটি ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করতে হবে।
৫. পাচারকৃত অর্থ উদ্ধার ও সম্পদ বাজেয়াপ্তকরণ: দেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া বিপুল অর্থ আন্তর্জাতিক আইনের সহায়তায় ফেরত আনা এবং অপরাধীদের দেশীয় ও আন্তর্জাতিক সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
৬. স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ: গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং আর্থিক বাজারকে ধসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ জরুরি।
৭. প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতকরণ: দেশের রেমিট্যান্স যোদ্ধা তথা প্রবাসীদের জন্য ব্যাংকিং ও বিনিয়োগ সেবা আরও সহজ, নিরাপদ ও প্রবাসীবান্ধব করতে হবে।
৮. প্রবাসী পরিচালক নিয়োগ: দেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানের স্বীকৃতিস্বরূপ এবং তাদের স্বার্থ সুরক্ষায় পরিচালনা পর্ষদে অন্তত একজন ‘প্রবাসী পরিচালক’ নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে এবং প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা দিতে হলে এই দাবিগুলো মেনে নেওয়ার কোনো বিকল্প নেই। আমরা আশা করি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।”সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, আর্থিক খাতের বিশেষজ্ঞ এবং প্রবাসী কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।