ব্রিটেনের সংবাদ

লন্ডনে হোম অফিসের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ; আইনি লড়াইয়ের ঘোষণা

Spread the love

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের প্রতি ব্রিটিশ সরকারের সাম্প্রতিক অভিবাসন নীতিকে ‘অন্যায্য’ ও ‘আধুনিক দাসত্ব’ হিসেবে আখ্যা দিয়ে লন্ডনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ব্রিটিশ হোম অফিসের বিতর্কিত সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে আদালতে আইনি লড়াই চালানোর পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনা্রে  অভিবাসীদের অধিকার রক্ষায় আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী ও কমিউনিটি সদস্য অংশ নেন। ‘এখনই ঐক্যবদ্ধ হওয়ার, সংগঠিত হওয়ার এবং কণ্ঠস্বর তোলার সময়’—এই স্লোগান সংবলিত ব্যানার নিয়ে তারা সমাবেশে যোগ দেন।
সমাবেশে মূল বক্তব্য রাখেন কমিউনিটি প্রতিনিধি আমিনুল ইসলাম। বক্তব্যে তিনি ব্রিটিশ হোম অফিসের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে বলেন, অভিবাসীদের কাছ থেকে অন্যায্যভাবে অর্থ আদায় করা হচ্ছে।
বক্তব্যে বলা হয় অভিবাসীরা কর্মক্ষেত্রে নিয়মিত ন্যাশনাল ইন্স্যুরেন্স (NI) দেওয়ার পরও ভিসা আবেদনের সময় আলাদা করে ‘ইমিগ্রেশন হেলথ সারচার্জ’ (IHS) দিতে বাধ্য হচ্ছেন। একই সেবার জন্য দুবার অর্থ নেওয়াকে তিনি চরম বৈষম্যমূলক বলে উল্লেখ করেন। হোম অফিসের নিজস্ব প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, যুক্তরাজ্যের ভিসা আবেদন ফি বিশ্বের অন্যান্য সমমানের দেশের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। অভিবাসীদের পেছনে বছরে ১০ বিলিয়ন পাউন্ড ব্যয় হয় বলে কিছু রাজনীতিবিদ যে দাবি করছেন, সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বক্তা। মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির (MAC) রিপোর্ট তুলে ধরে তিনি বলেন, অভিবাসীরা বরং ব্রিটিশ অর্থনীতিতে বছরে ১১৫ বিলিয়ন পাউন্ড অবদান রাখছেন, যার মধ্যে কেবল আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবদানই ৪০ বিলিয়ন পাউন্ড। সরকার স্থায়ী বসবাস বা আইএলআর-এর নিয়ম পরিবর্তন করে অভিবাসীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে বলে অভিযোগ করা হয়।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা:
অন্যায্য নীতিগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সমাবেশ থেকে তিনটি প্রধান পদক্ষেপের কথা ঘোষণা করা হয়:
১. আইনি পদক্ষেপ: যুক্তরাজ্যের খ্যাতনামা ইমিগ্রেশন ব্যারিস্টার জাইন মালিক কেসি (Zain Malik KC)-এর মাধ্যমে আদালতে এই নীতিগুলোর বিরুদ্ধে আইনি লড়াই পরিচালনা করা হবে।
২. পাল্টা পলিসি পেপার: অভিবাসীদের প্রকৃত অর্থনৈতিক অবদান ও ভুক্তভোগীদের অভিজ্ঞতা তুলে ধরে একটি ন্যায্য পলিসি পেপার প্রকাশ করা হবে এবং তা ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে।
৩. সম্মিলিত আন্দোলন: মানবাধিকার সংস্থা, ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য কমিউনিটি সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি বৃহৎ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হবে।
সমাবেশের শুরুতে সঞ্চালক উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

Spread the love

Leave a Reply