সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: বিশ্বের সর্বোচ্চ আদালতের রায়
ডেস্ক রিপোর্টঃ ২০১৬-১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে বিশ্বের সর্বোচ্চ আদালত।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়ের মাধ্যমে সাত বছর ধরে চলা এক আইনি লড়াইয়ের অবসান ঘটল। এর আগে এই আদালত কখনোই কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করেনি, এবং সবচেয়ে গুরুতর রাষ্ট্রীয় অপরাধ মোকাবিলার ক্ষেত্রে এই মামলাটিকে একটি বৈশ্বিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, ১৫ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে ৯ জন বিচারক সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, “রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে”।
২০১৬-১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ওই অভিযানের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা (যাদের অধিকাংশই মুসলিম) সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। সে সময় প্রাপ্তবয়স্ক ও শিশুদের নির্বিচারে হত্যা, গণধর্ষণ এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ খবর পাওয়া গিয়েছিল।
নেদারল্যান্ডসের দ্য হেগের গ্রেট হল অব জাস্টিসে দুই ঘণ্টারও বেশি সময় ধরে রায় পাঠ করার সময় ইওয়াসাওয়া মিয়ানমারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরার সুযোগ দেওয়া, তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া এবং শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা।
জাতিসংঘ পরিচালিত এই আদালতের রায়ের দিকে বিভিন্ন দেশের সরকার অধীর আগ্রহে তাকিয়ে ছিল। এর একটি বড় কারণ হলো, এই রায় ভবিষ্যতে অন্যান্য গণহত্যার অভিযোগ—বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলাটির ক্ষেত্রে একটি নজির স্থাপন করবে।
নাৎসি হলোকাস্টের পর ১৯৪৮ সালের জাতিসংঘ কনভেনশনে সংজ্ঞায়িত ‘গণহত্যা’ প্রমাণ করা সাধারণ যুদ্ধাপরাধ প্রমাণের চেয়ে কঠিন; কারণ এক্ষেত্রে কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট ‘উদ্দেশ্য’ (intent) প্রমাণ করতে হয়।
রায় পাঠের সময় ইওয়াসাওয়া বলেন, “আদালত পুরোপুরি নিশ্চিত যে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই দেশটি গণহত্যা কনভেনশনের আওতাভুক্ত অপরাধগুলো সংঘটিত করেছে।”
মিয়ানমার থেকে বেঁচে ফেরা মানুষের পক্ষে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল। মামলায় রাখাইন রাজ্যে অভিযানের সময় গণহত্যামূলক বক্তব্য এবং এমন সব ‘আচরণের ধরন’ তুলে ধরা হয়, যা ওই জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা প্রমাণ করে—যার মধ্যে পালিয়ে যাওয়ার সময় মানুষকে গুলি করে হত্যা করা এবং তাদের ফিরে আসার পথ বন্ধ করে দেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।
গত জানুয়ারিতে আইসিজে রুদ্ধদ্বার অধিবেশনে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে যাওয়া ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণ করে। বিশ্বের বৃহত্তম ওই শরণার্থী শিবিরে এখনো ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে, আর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে বর্তমানে ৬ লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট আছে বলে ধারণা করা হয়।
২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীরা দ্য গার্ডিয়ানকে মিয়ানমারের তুলাতুলি গ্রামে চালানো গণহত্যার বর্ণনা দিয়েছিলেন। বেঁচে ফেরা ব্যক্তিরা জানিয়েছিলেন, সেখানে বেসামরিক নাগরিকদের পরিকল্পিতভাবে গুলি করা হয়েছিল, গণকবর দেওয়া হয়েছিল এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। স্যাটেলাইট চিত্রেও পরবর্তীতে দেখা যায় যে গ্রামটি পুড়িয়ে দেওয়া হয়েছিল। মানবাধিকার তদন্তকারীরা এমন আরও কয়েকটি গ্রাম বিশ্লেষণ করে গণহত্যার প্রমাণ দাঁড় করান।
শুনানি চলাকালে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আদালতকে বলেছিলেন, এই মামলাটি “আন্তর্জাতিক আইনের কোনো জটিল তাত্ত্বিক বিষয় নিয়ে নয়”। তিনি বলেন, “এটি রক্তমাংসের মানুষ, বাস্তব গল্প এবং একটি প্রকৃত মানবগোষ্ঠীকে নিয়ে। তারা মিয়ানমারের রোহিঙ্গা। তাদের ধ্বংস করার লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।”
আইন বিশেষজ্ঞরা বৃহস্পতিবারের এই রায়কে গণহত্যার বিচারে যৌন সহিংসতার মূল্যায়নের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন। কারণ কনভেনশন অনুযায়ী, কোনো গোষ্ঠীর ‘জন্মদান প্রতিরোধ’ করার উদ্দেশ্যে করা কাজও গণহত্যার অন্তর্ভুক্ত। তদন্তকারীরা জানিয়েছেন, প্রজনন বন্ধ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে গণধর্ষণ এবং নারীদের যৌনাঙ্গ বিকৃত করার মতো নৃশংসতা চালিয়েছিল সেনারা।
আদালতও এই মূল্যায়নকে সমর্থন করেছে বলে মনে হয়েছে। ধর্ষণের শিকার নারীদের সামাজিকভাবে হেয় হওয়ার বিষয়টি উল্লেখ করে আদালত সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনে যে, তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর “সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে” যৌন সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এ ছাড়া প্রতিটি রোহিঙ্গা পরিবারের জন্য সর্বোচ্চ দুটি সন্তানের সীমা বেঁধে দেওয়ার মতো জন্মনিয়ন্ত্রণমূলক পদক্ষেপও মিয়ানমার চাপিয়ে দিয়েছিল বলে আদালত রায়ে উল্লেখ করেছে।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল যে, গেরিলা হামলা চালানো একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেই তাদের সেনাবাহিনী ব্যাপক ‘শুদ্ধি অভিযান’ চালিয়েছিল। তবে বিচারকরা মিয়ানমারের এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে তাদের অভিযান মূলত সন্ত্রাসবিরোধী ছিল, কিংবা গণহত্যা না চালিয়ে কেবল শাস্তি দেওয়া বা জোরপূর্বক বাস্তুচ্যুত করাই তাদের উদ্দেশ্য ছিল।
২০১৬-১৭ সালের হামলার সময় সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মিয়ানমারের বর্তমান নেতা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ঝুলে আছে (আইসিজে রাষ্ট্রের বিচার করলেও আইসিসি ব্যক্তিদের বিচার করে)।
সাবেক এই জেনারেল ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করেন, যার ফলে শুরু হওয়া গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ এক নির্বাচনের পর গত এপ্রিলে তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন।
আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা না থাকলেও এর সিদ্ধান্তগুলো বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হয়, এর বড় ধরনের কূটনৈতিক গুরুত্ব রয়েছে এবং এটি নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপকে প্রভাবিত করতে পারে।
ইসরায়েল এবং তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র মিয়ানমারের মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল; কারণ দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা মামলাটি বিচারকরা কীভাবে মূল্যায়ন করতে পারেন, এই রায় থেকে তার সবচেয়ে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন এবং গণহত্যা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছেন যে ইসরায়েল গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, মিয়ানমার গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে মর্মে এই রায়ের কারণে যুক্তরাষ্ট্র আইসিজের বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে—যাদের মধ্যে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইও রয়েছেন।
বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে ওয়াশিংটন রোহিঙ্গা সংকটকে গণহত্যা হিসেবে বিবেচনা করে আসছিল। তবে ট্রাম্প প্রশাসন আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।
নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের নৃশংসতা নিয়ে আইসিজের অন্য দুটি মামলায় কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা সম্ভব হয়নি; যদিও স্রেব্রেনিৎসা গণহত্যায় বসনীয় সার্ব সেনাদের চালানো গণহত্যা প্রতিরোধ বা বিচার করতে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে আইনিভাবে দায়ী করা হয়েছিল।
হলোকাস্টের পর জাতিসংঘের অন্যান্য ট্রাইব্যুনাল কেবল হাতেগোনা কয়েকটি ক্ষেত্রে গণহত্যা প্রমাণ করতে পেরেছে, যার মধ্যে ১৯৭০-এর দশকে কম্বোডিয়ার খেমার রুজ শাসনামল এবং ১৯৯৪ সালের রুয়ান্ডার গণহত্যা অন্যতম।