শীর্ষ সংবাদব্রিটেনের সংবাদ

তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস: শরতের শীতলতম রাতের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাজ্য

Spread the love

ডেস্ক রিপোর্টঃ শুক্রবার রাতে যুক্তরাজ্য চলতি শরৎকালের শীতলতম রাতের অভিজ্ঞতা পেতে যাচ্ছে, যেখানে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় তুষারপাত বা কুয়াশা জমতে  পারে।
বিশেষ করে উত্তরাঞ্চলে তীব্র শীত অনুভূত হবে, যেখানে মিডল্যান্ডস থেকে উত্তর দিকের এলাকাগুলোতে তাপমাত্রা মাইনাস ১ (৩০ ফারেনহাইট) থেকে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস (২৩ ফারেনহাইট) পর্যন্ত নামতে পারে। তবে স্কটল্যান্ডের যেসব গ্রামীণ এলাকায় ইতিমধ্যে তুষার জমে আছে, সেখানে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস (১৪ ফারেনহাইট) পর্যন্ত নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সপ্তাহান্তেও (উইকএন্ড) রাতের বেলা তুষারপাতসহ শীত অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) উত্তর ইংল্যান্ড জুড়ে সোমবার সকাল পর্যন্ত শীতজনিত স্বাস্থ্য সতর্কতা (cold health alerts) জারি রেখেছে।
এখন পর্যন্ত চলতি শরতের শীতলতম রাত ছিল বৃহস্পতিবার রাত, যখন হাইল্যান্ডের টুলোচ ব্রিজে তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে (১৮ ফারেনহাইট) নেমে গিয়েছিল।
আর্কটিক অঞ্চল থেকে ঠান্ডা বাতাস সাময়িকভাবে যুক্তরাজ্যের দক্ষিণ দিকে বয়ে আসায় সম্প্রতি তাপমাত্রায় এমন ওঠানামা দেখা যাচ্ছে। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলে মূলত আটলান্টিক মহাসাগর থেকে আসা অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের প্রভাব বজায় ছিল। তবে শুক্রবার উত্তর দিক থেকে আসা বাতাস আবারও আর্কটিকের তীব্র শীতল হাওয়া বয়ে আনবে, যা দেশের অধিকাংশ স্থানে দিনটিকে বেশ ঠান্ডা করে তুলবে।
দক্ষিণ ইংল্যান্ডের সকালের দিকের মেঘ ও বৃষ্টি কেটে যাবে এবং যুক্তরাজ্যের অধিকাংশ স্থানে রোদেলা ও উজ্জ্বল দিন দেখা যাবে। তবে স্কটল্যান্ডের কিছু জায়গায় হালকা তুষারবৃষ্টি হতে পারে। রাতের বেলা তাপমাত্রা আরও কমে যাবে এবং মিডল্যান্ডস, উত্তর ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে তুষার জমার সম্ভাবনা রয়েছে।
যদিও স্কটল্যান্ডের গ্রামীণ এলাকায় মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে, তবুও এটি নভেম্বরের সর্বকালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের চেয়ে অনেক দূরে। ১৯১২ সালে কামব্রিয়াতে নভেম্বরের এক রাতে তাপমাত্রা মাইনাস ১৬.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। অবশ্য ২০২৫ সালে মোরে (Moray)-তে তাপমাত্রা মাইনাস ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল, যা ছিল গত ১২ বছরের মধ্যে নভেম্বরের শীতলতম রাত।
সপ্তাহান্তের শুরুটা হবে তুষারশীতল
শনিবার সকালে তীব্র শীত দিয়ে দিন শুরু হলেও যুক্তরাজ্য জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে দিনের শেষভাগে মেঘ ও বৃষ্টির সাথে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে আবারও অপেক্ষাকৃত উষ্ণ বাতাস বইতে শুরু করবে।
শনিবার রাতটি অধিকাংশ এলাকার জন্য আগের রাতের মতো অতটা ঠান্ডা না হলেও উত্তর-পূর্ব ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের বেশিরভাগ অংশে তুষার জমতে পারে, যেখানে তাপমাত্রা শূন্য থেকে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
রোববার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ ওয়েলস এবং এমনকি নর্দার্ন আয়ারল্যান্ডের কিছু অংশে বৃষ্টি অব্যাহত থাকবে। দেশের বাকি অংশ মূলত শুষ্ক থাকবে এবং আকাশ কিছুটা মেঘলা থাকলেও মাঝেমধ্যে রোদের দেখা মিলবে। সপ্তাহান্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম অর্থাৎ ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এই তীব্র শীতের পেছনে কি ‘পোলার ভর্টেক্স’ দায়ী?
পোলার ভর্টেক্স (Polar vortex) হলো আর্কটিক অঞ্চলের অনেক উঁচুতে চক্রাকারে ঘুরতে থাকা শক্তিশালী বায়ুপ্রবাহ। অত্যন্ত অস্বাভাবিকভাবে গত সপ্তাহে এই পোলার ভর্টেক্সের বাতাস দুর্বল হয়ে পড়েছিল—যা ইতিহাসে সবচেয়ে কম সময়ে ঘটার রেকর্ড।
কিছু ক্ষেত্রে পোলার ভর্টেক্স দুর্বল হয়ে পড়লে কয়েক সপ্তাহ পর তীব্র শীত এমনকি তুষারপাতও হতে পারে। কিন্তু আবহাওয়াবিদদের মতে, গত সপ্তাহের এই পরিবর্তনের প্রভাব এখনই আমাদের আবহাওয়ায় পড়ার মতো সময় হয়নি। বরং বর্তমানের এই শৈত্যপ্রবাহ যুক্তরাজ্যের স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তনেরই একটি অংশ।
পোলার ভর্টেক্স ইতিমধ্যে আবারও শক্তিশালী হতে শুরু করেছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে গত সপ্তাহের এই দুর্বলতা আগামী সপ্তাহগুলোতে যুক্তরাজ্যের আবহাওয়ায় কোনো প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন।

Spread the love

Leave a Reply