গোপালগঞ্জ উত্তাল, বিক্ষোভ সহিংসতা ভাংচুর, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন- সালাহউদ্দিন বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
বাংলাদেশের গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দিনভর এ বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি বৈঠা দেখা গেছে। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে।
এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কলেজের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছে।
বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেওয়া হয়েছে। বিক্ষোভের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে শহরজুড়ে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে। জেলা পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। এ ছাড়া মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গোপালগঞ্জের ডিসি- এসপিকে বদলি
বাংলাদেশে গোপালগঞ্জের বিক্ষোভ সহিংসতার পর জেলার ডিসি ও এসপিকে বদলি করা হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। নতুন ডিসি হিসাবে দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ।
অন্যদিকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। নতুন এসপির দায়িত্ব পেয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
একইসঙ্গে বেশ কয়েকটি জেলায় পুলিশের বদলি ও রদবদল করা হয়েছে।
এছাড়া আরো চারজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যান্যের মধ্যে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ডিআইজি হিসেবে পাঠানো হয়েছে। আর বরিশালের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশে স্থলাভিষিক্ত করা হয়েছে।

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুইজনকে হত্যার অভিযোগ
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুইজন নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সকাল আটটায় এই ঘটনা ঘটেছে। নিহত দুইজন হলেন, মুকুল ইসলাম এবং শাকিব বসুনিয়া।
স্থানীয় একজন সাংবাদিক জানান, সায়মন এক্সক্লুসিভ পরিবহন নামের একটি বাসে করে নির্মাণ কাজ শেষে কুমিল্লা থেকে নীলফামারী ফিরছিলেন তারা। একই এলাকার ছয়জন তারা ওই বাসে ছিলেন।
যাত্রাপথে বাসের লোকজনের সঙ্গে বাক-বিতণ্ডা হলে রংপুরের তারাগঞ্জে তাদের একজনকে রেখে বাকিদের নামিয়ে দেওয়া হয়।
ওইসময় মি. ইসলাম এবং মি. বসুনিয়া ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য আবার বাসে ওঠেন। কিন্তু বাসের লোকজনের সঙ্গে একপর্যায়ে তাদের তর্ক ও ধস্তাধস্তি হয়।
ধস্তাধস্তির একপর্যায়ে মি. ইসলাম এবং মি. বসুনিয়াকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
তবে, পুলিশ কর্মকর্তা মি. মাহমুদ জানিয়েছেন, বাসে ছয়জন থাকার তথ্য তাদের কাছে নেই।
তবে তারাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, “এটি একটি বাস দুর্ঘটনা। বাসের হেল্পার, ড্রাইভারকে আটক করা হয়েছে। বাসটা আটক আছে।”
ওই দুইজনকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ সম্পর্কে মি. মাহমুদ বলেন, “না না, ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। ওরা বাস থেকে নামিয়ে দেয় তখন বাসের সামনে দিয়ে যাইতে নাকি টান দিছে বাস তখন ওরা চাপা পড়ছে।”
তিনি জানান, সড়ক পরিবহন আইনে দুর্ঘটনার কারণে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত হওয়ার পর কারণ বোঝা যাবে বলে জানান তিনি।

হাদি চত্বর নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ চত্বর করল নিষিদ্ধ আলীগ কর্মীরা
গাজীপুর, সাভার, আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে গাজীপুরের ২৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল নয়টায় গাজীপুরে আবারো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এডিশনাল এসপি মো. আমজাদ হোসেন বিবিসি বাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নয়টায় শ্রমিকরা আধা ঘন্টা গাজীপুরের মৌচাক এলাকার মহাসড়ক অবরোধ করে রেখেছিল। সেসময় যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দশটার মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার যান চলাচল শুরু হয় এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মি. হোসেন।
এই পুলিশ কর্মকর্তা জানান, সকালে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যাওয়ার পর গাজীপুরের ১৬টি কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এছাড়া শনিবার রাতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
“১৩ এর এক ধারা অনুযায়ী, নো ওয়ার্ক নো পে এর আওতায় ১৩টি কারখানা গতকাল রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে আনরেস্টের সময় ১৬টি কারখানা বন্ধ করা হয়,” বলেন মি. হোসেন।
এদিকে, সাভার ও আশুলিয়াতে রোববার কোন শ্রমিক অসন্তোষ না থাকলেও বিভিন্ন কারণে প্রায় অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোমিনুল ইসলাম জানান, “বিভিন্ন কারণে অর্ধ-শতাধিক কারখানা মালিকরাই বন্ধ রেখেছে। এছাড়া পাঁচ-ছয়টি কারখানায় শ্রমিকরা কাজ না করায় দুপুরের পর বন্ধ করে দেওয়া হয়।”