নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে আ.লীগ কর্মীদের হামলা: দায়ীদের কারাদণ্ড ও ব্রিটেন থেকে বের করে দেওয়ার দাবি
পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে বাংলাদেশি দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যে সফররত এনসিপির আহ্বায়ক ও গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এই উত্তেজনা ছড়ায়। মি. ইসলাম সভাস্থল ত্যাগ করার পর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কিছু উগ্র কর্মী এনসিপি নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।সোমবার (১৬ নভেম্বর) রাতে একটি আবাসিক এলাকায় ঘটে যাওয়া এই সহিংসতাকে স্থানীয় ব্রিটিশ রাজনৈতিক নেতারা ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা নিয়ে হামলার পাশাপাশি ডাস্টবিন, বোতল ও ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটে। এদিকে, ব্রিটিশ ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী (শ্যাডো হোম সেক্রেটারি) ক্রিস ফিলিপ এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের কারাদণ্ড এবং তারা ব্রিটিশ নাগরিক না হলে দেশ থেকে বহিষ্কারের (ডিপোর্ট) দাবি জানিয়েছেন। নাইজেল ফারাজের দল ‘রিফর্ম ইউকে’ এই তাণ্ডবের জন্য যুক্তরাজ্যের অভিবাসন নীতিকে দায়ী করেছে। পাশাপাশি ‘রিস্টোর ব্রিটেন’ ও ‘রিফর্ম ইউকে’ ব্রিটিশ রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তুলেছে।
অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, রাত ৯টা ৫৯ মিনিটে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সহিংসতা শুরুর আগে প্রায় ৫০ জনের একটি দল সেখানে বিক্ষোভ করছিল। পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তবে তাঁদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। পুলিশ পৌঁছানোর পরপরই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এলাকায় নিরাপত্তার স্বার্থে রাতভর অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

ঘটনাটি যে নির্বাচনী এলাকায় ঘটেছে, সেই ইলফোর্ড সাউথ আসনের লেবার দলীয় এমপি জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, “চ্যাডওয়েল হিথে যে সহিংসতা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করে জোরালো তদন্ত, এলাকায় টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”
এদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে দল এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের অভিবাসন নীতির সমালোচনা করেছে। দলটির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ ‘এক্স’-এ লিখেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যা টোরি ও লেবার সরকারের অবাধ অভিবাসন নীতিরই ফল।
সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হয় এবং রাত সাড়ে ৯টার দিকে বক্তব্য শেষ করে পেছনের দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যান নাহিদ ইসলাম। তবে শুরুতে বিষয়টি টের পাননি বাইরে থাকা আওয়ামী লীগ সমর্থকেরা। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা বের হওয়ার সময় তাঁদের লক্ষ্য করে ডিম, পানির ও কাচের বোতল এবং গাছের ডাল দিয়ে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা অভিযোগ করেন।
একপর্যায়ে ভেন্যুর ভেতরে আটকা পড়া এনসিপি নেতাকর্মীরা বেরিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এনসিপির দাবি, আওয়ামী লীগ কর্মীদের লাঠিসোঁটার হামলায় তাদের ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম একে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন।
অনুষ্ঠানটি প্রতিহত করতে ফেসবুকে আগে থেকেই ডাক দিয়েছিলেন আওয়ামী লীগপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত। তবে তাঁর দাবি, এনসিপির ভাড়াটিয়া নিরাপত্তাকর্মীরা প্রথমে তাঁদের একজনকে ঘুষি মারলে সংঘর্ষের সূত্রপাত হয়। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেন, গত দুই বছরে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ও বিচারবঞ্চিত কর্মীরাই এই প্রতিরোধ গড়ে তুলছেন।
এর আগে গত শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যুক্তরাজ্য সফরে যাওয়া মাহফুজ আলম ও হাসনাত আবদুল্লাহর কর্মসূচিতেও একই ধরনের বিক্ষোভ ও বাধার ঘটনা ঘটেছিল।
এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ‘রিফর্ম ইউকে’ দলের নেতা নাইজেল ফারাজ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি উচ্ছৃঙ্খল জনতা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে—এমন একটি রাজনৈতিক বিরোধ নিয়ে, যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা আমাদের সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করেছি এবং এখন আমাদের রাস্তায় তাদের সেই সংঘাত দেখতে হচ্ছে।” ব্রিটেনের বর্তমান পরিস্থিতিকে ‘ভঙ্গুর’ আখ্যা দিয়ে তিনি আরও হুঁশিয়ারি দেন যে, রিফর্ম ইউকে ক্ষমতায় গেলে যেসব বিদেশি নাগরিক ব্রিটেনের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হবে।
গ্রেট ইয়ারমাউথের এমপি ও ‘রিস্টোর ব্রিটেন’ নেতা রুপার্ট লো একাধিক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “রমফোর্ডের রাস্তায় ‘এনসিপি’ ও ‘আওয়ামী লীগ’-এর মতো প্রতিদ্বন্দ্বী দলের কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধের জেরে বাংলাদেশিরা নিজেদের মধ্যে মারামারি করছে—এসবের মানে কী তা আমি জানি না, আর এই বাংলাদেশিদের বা বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথাব্যথাও নেই।” ‘রিস্টোর ব্রিটেন’ সরকার ক্ষমতায় এলে এদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কনজারভেটিভ দলের এমপি কেটি ল্যাম বলেন, “এই দেশে এলে বিদেশি রাজনৈতিক কোন্দল পেছনে ফেলেই আসতে হবে; এভাবে চলতে দেওয়া যায় না।” একই সুরে রিফর্ম ইউকে-র সদস্য ক্রিস রোজ এবং জিবি নিউজের কলামিস্ট অ্যাডাম ব্রুকস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা ব্রিটেনের রাস্তায় টেনে আনার তীব্র সমালোচনা করেন। পাশাপাশি কট্টর ডানপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসন এই ঘটনার ভিডিও শেয়ার করে বিশৃঙ্খলায় জড়িত বাংলাদেশিদের দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান।