পূর্ব লন্ডনে জোড়া ছুরিকাঘাতে দুই কিশোর আহত
ডেস্ক রিপোর্টঃ পূর্ব লন্ডনে জোড়া ছুরিকাঘাতের ঘটনায় দুই কিশোর আহত হয়েছে।
শুক্রবার স্টেপনির (Stepney) হোয়াইট হর্স রোডে (White Horse Road) জরুরি পরিষেবা সংস্থাগুলোকে ডাকা হলে ১৫ এবং ১৬ বছর বয়সী ওই দুই কিশোরকে ছুরিকাঘাতজনিত জখমসহ উদ্ধার করা হয়।
বেলা ১টা ২২ মিনিটের কিছুক্ষণ পরই লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সের সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
হাসপাতালে নেওয়ার আগে টাওয়ার হ্যামলেটসের (Tower Hamlets) ঘটনাস্থলেই প্যারামেডিকরা ওই দুই কিশোরকে প্রাথমিক চিকিৎসা দেন।
পুলিশ জানিয়েছে যে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে মূল্যায়ন করা হয়েছে এবং পরবর্তীতে ‘গুরুতর শারীরিক ক্ষতি’ (গ্রিভাস বডিলি হার্ম) করার সন্দেহে উভয় কিশোরকেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশি তদন্তের স্বার্থে এলাকাটি ঘিরে রাখা (কর্ডন) হয়েছিল।
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন যে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে CAD 3138/20NOV রেফারেন্স নম্বর উল্লেখ করে ১০১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে, অথবা পরিচয় গোপন রেখে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে ক্রাইমস্টপার্সে (Crimestoppers) যোগাযোগ করতে বলা হয়েছে।