শীর্ষ সংবাদব্রিটেনের সংবাদ

বার্নহামের ইইউ পরিকল্পনায় ‘হতবাক’ থেরেসা মে, বললেন ‘ব্রেক্সিট হয়ে গেছে’

Spread the love

ডেস্ক রিপোর্টঃ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে ব্রেক্সিট ইস্যু থেকে সরে আসার সতর্কবার্তা দিয়েছেন। বিবিসিকে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন—এমন খবরে তিনি রীতিমতো “হতবাক”।
চলতি সপ্তাহে ব্রাসেলস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বার্নহ্যাম বলেছিলেন, যুক্তরাজ্য এবং এই বাণিজ্যিক জোটের ভবিষ্যৎ সম্পর্ক কী হতে পারে, সে বিষয়ে তিনি বিভিন্ন বিকল্প নিয়ে ‘ব্রেইনস্টর্মিং’ (চিন্তাভাবনা ও আলোচনা) করতে চান।
বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েনসবার্গ’ অনুষ্ঠানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ব্যারনেস মে—যিনি ইইউ থেকে বেরিয়ে আসার চুক্তি নিয়ে তিন বছর ধরে দরকষাকষি করেছিলেন—বলেন, “ব্রেক্সিট হয়ে গেছে। ব্রেক্সিটকে মেনে নিন এবং সামনে এগিয়ে যান।”
থেরেসা মে দাবি করেন, বার্নহ্যাম ব্রিটিশ জনগণকে অনেকটা ছোট বাচ্চাদের মতো মাথায় হাত বুলিয়ে বোঝাতে চাইছেন যে, “মনে আছে সেই ভোটের কথা? আপনারা তখন ভুল করেছিলেন, তাই না? তাই আবারও চেষ্টা করুন এবং সঠিক উত্তরটি বেছে নিন।”
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মে বার্নহ্যামকে ইউরোপীয় ইউনিয়নে থাকা বা না থাকার পুরনো বিতর্ক নতুন করে শুরু না করে বরং বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী হওয়ার আগে থেরেসা মে ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে ডাউনিং স্ট্রিটে আসার পর তিনি তিন বছর ধরে অত্যন্ত জটিল ও দীর্ঘ আলোচনার নেতৃত্ব দেন। তার করা ব্রেক্সিট চুক্তিটি সংসদ সদস্যদের (এমপি) ভোটে প্রত্যাখ্যাত হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং ২০১৯ সালে বরিস জনসন তার স্থলাভিষিক্ত হন।
বার্নহ্যামকে ‘সামনে এগিয়ে যাওয়ার’ পরামর্শ দিয়ে মে বলেন, “আমি দেখেছি ওই আলোচনার ব্যাপ্তি কতটা বিশাল ছিল এবং এর পেছনে কতটা সময় দিতে হয়—পুরো সরকারকে এর পেছনে লেগে থাকতে হয়। এটি শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য বা সরকারি কর্মকর্তাদের সময়ের বিষয় নয়; বরং নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অত্যন্ত কঠোর দরকষাকষি করতে হয়।”
তিনি আরও বলেন, “আর এ কারণেই অ্যান্ডি বার্নহ্যাম ইইউতে ফেরার লক্ষ্যে আরও আলোচনার যে কথা বলছেন, তা দেখে আমি কিছুটা হতবাক। তাছাড়া, একটি দেশ হিসেবে আমরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলাম। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, তখন আমার অবস্থান খুব পরিষ্কার ছিল যে আমাদের সেই জনরায়ের প্রতিফলন ঘটানো উচিত। তাই তার প্রতি আমার স্পষ্ট বার্তা হলো—মানুষ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে। ব্রেক্সিট শেষ হয়ে গেছে। এটি মেনে নিন এবং সামনে এগিয়ে যান।”
নতুন করে আরেকটি গণভোটের বিষয়ে সতর্ক করে মে বলেন, “আমার মনে হয় অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ জনগণকে অনেকটা তুচ্ছতাচ্ছিল্য করে বলছেন, ‘আপনারা ভুল করেছিলেন, এবার আমার মতে যেটা সঠিক উত্তর, সেটা বেছে নিন।’ তবে আমি বলব, আসুন আমরা অর্থনৈতিকভাবে, নিরাপত্তার দিক থেকে এবং মানুষের সুযোগ-সুবিধার ক্ষেত্রে যুক্তরাজ্যকে যতটা সম্ভব শক্তিশালী করার কাজে মনোযোগ দিই।”
এর আগে ২০২৩ সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে থেরেসা মে বলেছিলেন, এমপিরা যদি ইইউ ছাড়ার বিষয়ে তার চুক্তিটি সমর্থন করতেন, তবে যুক্তরাজ্য আরও ভালো অবস্থানে থাকত। তার ওই চুক্তিতে দ্বিতীয় গণভোট আয়োজনের ওপর ভোটাভুটি, একটি অস্থায়ী কাস্টমস ইউনিয়নে থাকার বিষয়ে ভোট এবং শ্রমিকদের অধিকার ও পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। মে-র দাবি, কট্টর ব্রেক্সিটপন্থী এবং ইইউতে থেকে যাওয়ার পক্ষের এমপিরা মিলে তার পরিকল্পনাটি ভেস্তে দিয়েছিলেন।
টনি ব্লেয়ারের মন্তব্য
এদিকে, শনিবার আরেক সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারও ইইউর সাথে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইইউ যদি নিজেদের সংস্কার করে এবং প্রযুক্তির উদ্ভাবনে আরও বেশি সুযোগ দেয়, তবেই কেবল ব্রিটেনের ইইউতে পুনরায় যোগ দেওয়া উচিত।
ব্রেক্সিটের কট্টর বিরোধী স্যার টনি বলেন, “আমি অবশ্যই মনে করি ব্রেক্সিট একটি বড় ভুল ছিল।” তবে তিনি যোগ করেন, ২০১৬ সালের তুলনায় বর্তমানের প্রেক্ষাপট ও বিতর্ক ভিন্ন। প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ইউরোপ সম্ভবত ভুল পথে এগোচ্ছে।
বার্নহ্যামের বর্তমান অবস্থান
উল্লেখ্য, শুক্রবার ব্রাসেলসে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ইইউর সাথে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার আওতায় ব্রিটিশ খাদ্য রপ্তানি, কার্বন নিঃসরণ বাণিজ্য (এমিশনস ট্রেডিং) এবং তরুণদের জন্য একটি অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি (ইয়ুথ এক্সপেরিয়েন্স স্কিম) রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে উভয় পক্ষ দীর্ঘমেয়াদী সম্পর্কের বিকল্পগুলো খতিয়ে দেখতে একটি অনানুষ্ঠানিক আলোচনা বা ‘ব্রেইনস্টর্মিং’ প্রক্রিয়া চালাবে। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ভবিষ্যতের বিকল্পগুলোর মধ্যে কাস্টমস ইউনিয়ন, একক বাজারে (সিঙ্গেল মার্কেট) ফেরা কিংবা পূর্ণ ইইউ সদস্যপদের জন্য নতুন গণভোটের বিষয়টি থাকতে পারে।
তবে বার্নহ্যাম আগামী সাধারণ নির্বাচনের আগে যুক্তরাজ্য-ইইউ সম্পর্কে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, একক বাজার, কাস্টমস ইউনিয়ন বা অবাধ চলাচলের ব্যবস্থায় ফিরে না যাওয়ার বিষয়ে লেবার পার্টির ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিতেই তিনি অটল থাকবেন।

Spread the love

Leave a Reply