প্রবাস

লন্ডনে ২৯ নভেম্বর ব্রিটিশ বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল, প্রবেশ সবার জন্য বিনামূল্যে

Spread the love

সাজু আহমদ:  নির্মাণ, প্রপার্টি ও ব্যবসা খাতে ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন তুলে ধরা এবং নতুন ব্যবসায়িক ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২০২৬। ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন (বিবিসিএ) আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, সবার জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

শুক্রবার, ২০ নভেম্বর দুপুর ২টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি এবং অংশগ্রহণের বিভিন্ন সুযোগ তুলে ধরেন বিবিসিএর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিসিএর আহ্বায়ক সাদিকুল আলম, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ চৌধুরী, জনসংযোগ ও ব্যবসায়িক সহযোগিতা বিষয়ক সম্পাদক চৌধুরী মো. নাঈমুল ইসলাম, বিল্ড ফেস্টিভ্যাল কমিটির সভাপতি সালেহ আহমেদ এবং সম্পাদক সুমন আহমেদ। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য দুল্লাহ রহিম ভূইয়া, এন্ড্রু মধু ও লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, ২৯ নভেম্বর রবিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই উৎসব। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে কনসার্ট ও সাংস্কৃতিক পরিবেশনা।

উৎসবে নির্মাণ ও প্রপার্টি খাতের ব্যবসায়ী, ঠিকাদার, ডেভেলপার, বিনিয়োগকারী, পেশাজীবী এবং শিক্ষার্থীদের এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ তৈরি করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন সহযোগিতার পথ তৈরি হবে।

ফেস্টিভ্যালে ২৫টির বেশি স্টলে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শিত হবে। পাশাপাশি নির্মাণ, প্রপার্টি, ব্যবসা ও কমিউনিটির নানা চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে।

তরুণ ও চাকরিপ্রার্থীদের জন্যও থাকছে বিশেষ উদ্যোগ। শিক্ষার্থী, সদ্য স্নাতক এবং চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য থাকবে স্টুডেন্ট জব সেশন ও সিভি বক্স। আগ্রহীরা নিজেদের প্রিন্ট করা সিভি সঙ্গে নিয়ে নির্ধারিত বক্সে জমা দিতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও থাকবে।

ব্যবসা ও ক্যারিয়ারসংক্রান্ত আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে লাইভ কনসার্ট, সাংস্কৃতিক পরিবেশনা এবং খাবারের ব্যবস্থা। পরিবার ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অর্জন ও সংস্কৃতি উদ্‌যাপনেরও সুযোগ থাকছে।

আগ্রহীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন বিবিসিএর ওয়েবসাইটে:

www.bbcauk.org/build-festival/visitor-registration

বিবিসিএর পক্ষ থেকে ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং কমিউনিটির সর্বস্তরের মানুষকে এই আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।


Spread the love

Leave a Reply