শীর্ষ সংবাদশীর্ষ

সম্পাদকীয়ঃ ব্রিটেনের মাটিতে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধ করা হোক

Spread the love

পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে সোমবার রাতে যা ঘটে গেল, তা কেবল একটি বিচ্ছিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়; বরং ব্রিটেনে বসবাসরত শান্তিপ্রিয় পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য এক চরম লজ্জা, অপমান ও আত্মঘাতী কলঙ্ক। যুক্তরাজ্যে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে একদল আওয়ামী লীগ উগ্র ও সহিংস কর্মী যেভাবে লাঠিসোঁটা, বোতল ও ডাস্টবিন নিয়ে আবাসিক এলাকার রাজপথে তাণ্ডব চালিয়েছে, একটি গণতান্ত্রিক ও আইনের শাসনের দেশে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ন্যক্কারজনক ঘটনার পর আজ একটাই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে—ব্রিটেনের মাটিতে বাংলাদেশের নোংরা ও প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আর কত দিন চলবে? এখনই সময়, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার।
ব্রিটেন একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত। অথচ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশের রাজনীতিতে যে অসহিষ্ণুতা, পেশিশক্তি ও দখলদারিত্বের নোংরা চর্চা রয়েছে, একশ্রেণির মানুষ তা হুবহু বিলেতের রাস্তায় আমদানি করছে। বিদেশের মাটিতে বসে নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এমন ঘৃণ্য, উচ্ছৃঙ্খল ও সহিংস আচরণ পৃথিবীর আর কোনো অভিবাসী কমিউনিটির মধ্যে দেখা যায় না। এই অপসংস্কৃতির কারণে সাধারণ ব্রিটিশ নাগরিক ও মূলধারার রাজনীতিকদের সামনে আজ পুরো বাংলাদেশি সমাজকে মাথা নিচু করতে হচ্ছে। স্থানীয় লেবার দলীয় এমপি জাস আথওয়ালসহ ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এই ঘটনায় যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তা আমাদের জন্য এক চরম সতর্কবার্তা।
আমাদের প্রজন্মের পর প্রজন্মের কঠোর পরিশ্রম, মেধা, সততা ও ত্যাগের বিনিময়ে ব্রিটিশ সমাজে বাংলাদেশিরা যে সম্মানজনক অবস্থান ও সুনাম অর্জন করেছেন, আজ মুষ্টিমেয় কিছু উগ্র ও অপরাধপ্রবণ ব্যক্তির কারণে তা ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু চিহ্নিত সন্ত্রাসী ও সহিংস কর্মী যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতির নামে রাস্তায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এর ফলে ব্রিটেনের অভিবাসনবিরোধী রাজনৈতিক দলগুলো—যেমন ‘রিফর্ম ইউকে’ ও ‘রিস্টোর ব্রিটেন’—পুরো অভিবাসী সমাজের বিরুদ্ধে বিষোদ্গার করার ও অভিবাসন নীতি কঠোর করার মোক্ষম সুযোগ পেয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কিছু লোকের অপকর্মের দায় কেন লাখ লাখ নিরীহ ও আইনমান্যকারী ব্রিটিশ-বাংলাদেশি বহন করবেন? কমিউনিটির বিবেকবান মানুষদের প্রতি আমাদের স্পষ্ট অনুরোধ—দয়া করে কেউ দলীয় অন্ধত্ব বা আবেগের বশবর্তী হয়ে এই সহিংসতাকারীদের পক্ষ নিয়ে সাফাই গাইবেন না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী।
সবচেয়ে ভয়াবহ ও উদ্বেগের বিষয় হলো, ব্রিটেনের উদার আশ্রয় ব্যবস্থার (Asylum System) চরম অপব্যবহার। আমাদের আশঙ্কা, চ্যাডওয়েল হিথের সমাবেশে হামলা ও ভাঙচুরে জড়িত এই সহিংসতাকারীরাই এখন ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের বৈধতা পেতে রাজনৈতিক আশ্রয়ের (Asylum) আবেদন করবে। তারা ব্রিটিশ কর্তৃপক্ষের সামনে এই যুক্তি দাঁড় করাবে যে, বাংলাদেশে ফিরে গেলে সরকার তাদের মেরে ফেলবে বা তাদের জীবনের চরম ঝুঁকি রয়েছে। এমনকি অত্যন্ত চতুরতার সঙ্গে সোমবার রাতের এই সহিংসতা ও সংঘর্ষের ভিডিও ফুটেজগুলোকেই তারা নিজেদের ‘রাজনৈতিক নিপীড়নের প্রমাণ’ হিসেবে হোম অফিসের কাছে উপস্থাপন করার অপচেষ্টা চালাবে। ব্রিটিশ সরকারের উচিত এই জালিয়াতি ও অপকৌশল সম্পর্কে সজাগ থাকা। যারা ব্রিটেনের মাটিতে পা রেখেই এখানকার আইনশৃঙ্খলা ভঙ্গ করে এবং আবাসিক এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে, তাদের কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় পাওয়ার অধিকার থাকতে পারে না।
ব্রিটিশ সরকারের কাছে আমাদের জোরালো দাবি, চ্যাডওয়েল হিথের ঘটনায় জড়িত প্রত্যেকের সিসিটিভি ফুটেজ ও পরিচয় যাচাই করে তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন অবিলম্বে খারিজ করা হোক এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো (Deport) হোক। একই সঙ্গে, ব্রিটেনের মাটিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের শাখা, অঙ্গসংগঠন ও রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এদের নিষিদ্ধ করার জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ ইতিমধ্যেই ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে। তা না হলে শান্তিপ্রিয় সাধারণ প্রবাসী বাংলাদেশিরা বারবার ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও কলঙ্কের দায় থেকে কখনোই মুক্তি পাবেন না।
বিলেতের মাটি আমাদের কর্মক্ষেত্র, আমাদের সন্তানদের ভবিষ্যৎ। বাংলাদেশের রাজনৈতিক বিষবাষ্প ছড়িয়ে এই নিরাপদ আশ্রয়স্থলকে কোনোভাবেই কলুষিত হতে দেওয়া যাবে না।

Spread the love

Leave a Reply