এয়ার ট্রাফিক কন্ট্রোলে যান্ত্রিক ত্রুটির কারণে সারা ব্রিটেনে বিমান চলাচল বন্ধ
ডেস্ক রিপোর্টঃ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে সারা ব্রিটেনজুড়ে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।
দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং লন্ডন হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে সব ধরনের অবতরণ আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
লন্ডন সিটি, ম্যানচেস্টার, স্ট্যানস্টেড, ইস্ট মিডল্যান্ডস, বার্মিংহাম এবং বেলফাস্ট সিটিসহ অন্যান্য বিমানবন্দরেও বিঘ্ন ঘটছে।
‘দ্য টেলিগ্রাফ’-এর তথ্যমতে, সাউদাম্পটনের কাছে সোয়ানউইকে অবস্থিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সংস্থা ‘ন্যাটস’ (Nats)-এর সদর দপ্তরে থাকা যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিয়েছে। এই সদর দপ্তরে কর্মরত কন্ট্রোলাররাই যুক্তরাজ্যের আকাশসীমাজুড়ে বিমানগুলোকে নিরাপদে পরিচালনার দায়িত্বে থাকেন।
একাধিক সূত্রের খবর অনুযায়ী, দুপুর ১টার পরপরই এই ‘ডেটা প্রসেসিং’ বা তথ্য প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত ত্রুটিটি ঘটে।
ন্যাটস একটি ‘যান্ত্রিক ত্রুটি’র কথা স্বীকার করলেও, ঠিক কী অকেজো হয়েছে বা কেন এমনটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।