হোয়াইটচ্যাপেলে হাজারো মানুষের ঢল: ‘ব্যাটল অব কেবল স্ট্রিট’-এর ৯০তম বার্ষিকী উদযাপন
বাংলা সংলাপ রিপোর্টঃ আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে ঐতিহাসিক ‘ব্যাটল অব কেবল স্ট্রিট’-এর ৯০তম বার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষের এক বিশাল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯৩৬ সালের এই দিনে স্থানীয় ইহুদি সম্প্রদায়, আইরিশ ডকশ্রমিক, ট্রেড ইউনিয়ন এবং সমাজতন্ত্রীরা একজোট হয়ে স্যার অসওয়াল্ড মোসলির ফ্যাসিবাদের পক্ষের ‘ব্ল্যাকশার্টস’ বাহিনীকে রুখে দিয়েছিল । সেই গৌরবময় ইতিহাসকে স্মরণ করতে আজ ঠিক দুপুর ১২টায় হোয়াইটচ্যাপেল রোডের টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে জড়ো হন প্রায় ১০,০০০ মানুষ ।
ট্রেড ইউনিয়ন কংগ্রেস (TUC) এবং ‘ইউনাইট দ্য ইউনিয়ন’সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে আগত মানুষের হাতে ছিল বর্ণিল ব্যানার, ফেস্টুন এবং ঐতিহ্যের প্রতীক সংবলিত প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল সেই বিখ্যাত স্লোগান—“তারা পার হতে পারবে না!” ।
আজকের এই বিশাল সমাবেশে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন। র্যালি ও সমাবেশে প্রধান বক্তা ও সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ইউনাইট দ্য ইউনিয়ন’-এর জেনারেল সেক্রেটারি শ্যারন গ্রাহাম, আরএমটি (RMT) ইউনিয়নের প্রধান মিক লিঞ্চ, এবং প্রবীণ বর্ণবাদবিরোধী নেত্রী ও সংসদ সদস্য ডায়ান অ্যাবট। এছাড়া মঞ্চে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আফসানা বেগম, টাওয়ার হ্যামলেটসের মেয়র লুতফুর রহমান, বিশিষ্ট লেখক ও কবি মাইকেল রোজেন এবং ইতিহাসবিদ ডেভিড রোজেনবার্গ।
সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক লেবার পার্টি নেতা ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য জেরেমি করবিন, গ্রিন পার্টির ডেপুটি লিডার জ্যাক পোলানস্কি এবং ‘ইন্টারন্যাশনাল ব্রিগেড মেমোরিয়াল ট্রাস্ট’-এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট অভিনেত্রী মার্লিন সিডাওয়ে।
সংহতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক লেবার পার্টি নেতা ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য জেরেমি করবিন, গ্রিন পার্টির ডেপুটি লিডার জ্যাক পোলানস্কি এবং ‘ইন্টারন্যাশনাল ব্রিগেড মেমোরিয়াল ট্রাস্ট’-এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট অভিনেত্রী মার্লিন সিডাওয়ে।

ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে অংশ নেন ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (TUC)-এর জেনারেল সেক্রেটারি পল নোয়াক, ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন (NEU)-এর জেনারেল সেক্রেটারি ড্যানিয়েল কেবেডে, আরএমটি (RMT) ইউনিয়নের সহকারী জেনারেল সেক্রেটারি ও অন্যতম প্রধান সংগঠক এডি ডেম্পসি এবং আরএমটি-এর জাতীয় সভাপতি অ্যালেক্স গর্ডন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইহুদি ধর্মযাজক রাব্বি হার্শেল গ্লাক, ‘ইহুদি সোশ্যালিস্ট গ্রুপ’-এর জুলিয়া বার্ড, স্থানীয় ‘স্বধিনতা ট্রাস্ট’-এর প্রতিনিধি ও অনুষ্ঠানের কো-চেয়ার জুলি বেগম, ‘আলতাব আলী ফাউন্ডেশন’-এর নূরআহমেদ উদ্দিন এবং ‘ইন্ডিয়ান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন-জিবি’-এর নেতা জোগিন্দর বাইন্স। ১৯৩৬ সালের মূল কেবল স্ট্রিট প্রতিরোধে সরাসরি অংশ নেওয়া বীরদের পরিবারের সদস্য রূথ লেভিটাস, জুন লেগ এবং টনি বুথ-ও এই ঐতিহাসিক পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে কেবল স্ট্রিটের ঐতিহাসিক শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে বর্তমান সময়েও বর্ণবাদ ও বিভাজনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দুপুর ১টায় হোয়াইটচ্যাপেল থেকে এই বিশাল বর্ণবাদবিরোধী পদযাত্রাটি শুরু হয় । আলগেট ইস্ট স্টেশন ও লেম্যান স্ট্রিট হয়ে এটি কেবল স্ট্রিটের সেন্ট জর্জ গার্ডেনসের দিকে এগিয়ে যায়, যেখানে বিকেল পর্যন্ত কবিতা, গান এবং রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বর্ণবাদবিরোধী লড়াইয়ের সংকল্প পুনর্ব্যক্ত করা হচ্ছে ।
সমাবেশে বক্তারা ১৯৩৬ সালের সেই বিখ্যাত স্লোগান “They Shall Not Pass” (তারা পার পাবে না) স্মরণ করে বলেন, বর্তমান সময়ে উগ্র ডানপন্থি, ইসলামোফোবিয়া এবং অ্যান্টিসেমিটিজমের যে উত্থান ঘটছে, তা রুখতে কেবল স্ট্রিটের এই আন্তঃসাম্প্রদায়িক মেলবন্ধন ও শ্রমজীবী মানুষের ঐক্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্ণবাদ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে এই লড়াইয়ে দল-মত নির্বিশেষে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সংগীত, কবিতা ও স্লোগানের মধ্য দিয়ে সেন্ট জর্জ গার্ডেন্সে এসে এই বর্ণাঢ্য সমাবেশ শেষ হয়।
আজকের এই র্যালিটি মূলত একটি শান্তিপূর্ণ ও ঐতিহাসিক উদযাপন হিসেবে পরিকল্পিত হলেও, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে হোয়াইটচ্যাপেল ও এর আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গেছে। র্যালিতে অংশ নেওয়া কিছু ইহুদি সংগঠনের উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল, যার ফলে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হয় ।
মেট্রোপলিটন পুলিশ হোয়াইটচ্যাপেল, ওয়াপিং এবং শ্যাডওয়েল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে । আজ দুপুর থেকেই এসব এলাকার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ট্রাফিক ডাইভারশন দেওয়া হয়েছে । তবে কিছু জায়গায় মৃদু উত্তেজনা ও মৌখিক তর্কাতর্কি ছাড়া হোয়াইটচ্যাপেলের মূল সমাবেশটি বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে ।
