ব্রিটেনের সংবাদ

হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরের আধুনিকায়নে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষনা

Spread the love

ডেস্ক রিপোর্টঃ হোয়াইটচ্যাপেলের আইকনিক আইডিয়া স্টোরকে আধুনিক ও বহুমুখী কমিউনিটি কেন্দ্রে রূপ দিতে প্রায় ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা, শিল্পকলা, সংস্কৃতি এবং বিভিন্ন কাউন্সিল সেবা একই ছাদের নিচে নিয়ে আসা হবে।

উচ্চাভিলাষী এই সংস্কার প্রকল্পের মাধ্যমে বারার অন্যতম ব্যস্ত কমিউনিটি সুবিধাকেন্দ্রটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। প্রতিবছর প্রায় ৪ লাখ ৪২ হাজার মানুষ এই কেন্দ্রের সেবা গ্রহণ করেন।

গত ১২ নভেম্বর কাউন্সিলের ক্যাবিনেট সভায় অনুমোদিত এ পরিকল্পনার আওতায় ভবনটিতে ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন করা হবে। এতে  আধুনিক সুবিধা এবং বাসিন্দাদের শেখা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সহায়তা গ্রহণের জন্য আরও বেশি জায়গা তৈরি হবে।

পরিকল্পনা অনুযায়ী আইডিয়া স্টোরে একটি নতুন ওয়ান স্টপ শপ এবং সম্প্রসারিত রেসিডেন্টস হাব চালু করা হবে। এর ফলে বাসিন্দারা কাউন্সিল ট্যাক্স, বেনিফিট, পার্কিং ও সামাজিক সেবাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সহায়তা ও পরামর্শ পাবেন। পাশাপাশি বিদ্যমান লাইব্রেরি ও শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

বর্তমানে শ্যাডওয়েল সেন্টারে পরিচালিত শিল্পকলা ও প্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রমও আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেলে স্থানান্তরিত হবে। এর ফলে নতুন বিশেষায়িত শ্রেণিকক্ষ ও শিক্ষার স্থান তৈরি হবে এবং কেন্দ্রটি শিল্পভিত্তিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।

সংস্কার প্রকল্পের অন্তর্ভুক্ত থাকবে:

• নতুন হিটিং, কুলিং ও বাতাস চলাচল ব্যবস্থা এবং জ্বালানি–সাশ্রয়ী আলোকসজ্জা

• ছাদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নবায়ন

• প্রবেশপথ বাড়াতে লিফটের উন্নয়ন

• নতুন বিশেষায়িত শ্রেণিকক্ষ ও শিক্ষার স্থান

• গ্রাউন্ড ফ্লোরে নতুন রিটেইল ইউনিট ও ক্যাফে।

• হোয়াইটচ্যাপেল রোডের সঙ্গে ভবনের সংযোগ উন্নত করতে বাইরের এসকেলেটর অপসারণ।

• ভবনের জ্বালানি দক্ষতা ও জীববৈচিত্র্য উন্নয়ন।

নতুন বাণিজ্যিক ইউনিট স্থানীয় ব্যবসার জন্য সুযোগ সৃষ্টি করবে এবং ভাড়া থেকে প্রাপ্ত আয় ভবনটির দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় নির্বাহে সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন,  “হোয়াইটচ্যাপেল এবং আমাদের বারার ভবিষ্যতের জন্য এটি একটি বড় বিনিয়োগ। আইডিয়া স্টোরগুলো স্থানীয় কমিউনিটির প্রাণকেন্দ্র, যেখানে সব বয়সের মানুষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পান।

“আমরা চাই আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল আগামী প্রজন্মের জন্যও একটি অগ্রণী কমিউনিটি কেন্দ্র হিসেবে টিকে থাকুক। এই উন্নয়নগুলো একটি আধুনিক ও সহজপ্রবেশ্য স্থান তৈরি করবে, যেখানে বাসিন্দারা একই ছাদের নিচে কাউন্সিল সেবা, শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম এবং নতুন সুবিধা উপভোগ করতে পারবেন।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল এমন একটি স্থান, যেখানে মানুষ একত্রিত হয়, নতুন আগ্রহ আবিষ্কার করে, দক্ষতার বিকাশ করে এবং নিজেদের কমিউনিটির সঙ্গে সংযুক্ত হয়।

“হোয়াইটচ্যাপেলে শিল্পকলা ও প্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রম একত্রিত করার ফলে বাসিন্দাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষায়িত শ্রেণিকক্ষ ও শিক্ষার স্থান তৈরির পাশাপাশি লাইব্রেরি এবং অন্যান্য সুবিধার উন্নয়ন এই কেন্দ্রকে আরও আকর্ষণীয়, অনুপ্রেরণাদায়ক এবং সবার জন্য স্বাগতপূর্ণ করে তুলবে।”

২০০৫ সালে চালু হওয়া আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল বর্তমানে টাওয়ার হ্যামলেটসের একটি পরিচিত কমিউনিটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এটি লাইব্রেরি সেবা, প্রাপ্তবয়স্ক শিক্ষা, তথ্য ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে হাজারো বাসিন্দাকে সেবা দিয়ে আসছে।

এই বিনিয়োগের মাধ্যমে পুরোনো অবকাঠামোগত সমস্যার সমাধান হবে এবং কেন্দ্রটি আগামী কয়েক দশক ধরে কমিউনিটির সেবা দিতে সক্ষম হবে।

বিস্তারিত নকশা, পরিকল্পনা ও ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০২৮ সালের এপ্রিল মাসে নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৯ সালের মার্চ মাসে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নির্মাণকাজ চলাকালে ভবনটি প্রায় ১২ মাসের জন্য বন্ধ থাকবে। এ সময়ে কাউন্সিল বর্তমান কেন্দ্রের ১৫ মিনিট হাঁটার দূরত্বের মধ্যে বিকল্প অস্থায়ী স্থানে লাইব্রেরি, শিক্ষা ও তথ্যসেবা চালুর ব্যবস্থা করবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রকল্পের পরবর্তী ধাপে গণপরামর্শেরও আয়োজন করা হবে, যাতে বাসিন্দা ও সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের মতামত ও পরামর্শ প্রদান করতে পারেন।


Spread the love

Leave a Reply