২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাজ্য, নিশ্চিত করল ফিফা
ডেস্ক রিপোর্টঃ ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস যৌথভাবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে বলে নিশ্চিত করেছে ফিফা।
১৯৬৬ সালের পুরুষ বিশ্বকাপের পর এই প্রথম যুক্তরাজ্যে কোনো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টুর্নামেন্টটি আয়োজনের জন্য এই চারটি দেশই ছিল একমাত্র বিডার (আবেদনকারী)। ফিফার জুরিখ সদর দপ্তর থেকে আয়োজিত এক বিশেষ ভার্চুয়াল সভায় তাদের সহ-আয়োজক হিসেবে অনুমোদন দেওয়া হয়।
৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৪৮টি দল মোট ১০৪টি ম্যাচে অংশ নেবে।
‘অল টুগেদার’ (All Together) শীর্ষক এই বিডে ১৯টি ভেন্যু ব্যবহারের প্রস্তাব করা হয়েছে—যার মধ্যে ১৪টি ইংল্যান্ডে, ১টি উত্তর আয়ারল্যান্ডে, ২টি স্কটল্যান্ডে এবং ২টি ওয়েলসে।
সোমবার ফিফা কংগ্রেসের এই বিশেষ সভায় ২০৩১ সালের নারী বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও জ্যামাইকার বিডও অনুমোদন করা হয়েছে। ২০৩১ সালের আসর থেকেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।
২০৩৫ সালের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে?
ইংল্যান্ড ২০০৬ এবং ২০১৮ সালের পুরুষ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেতে ব্যর্থ হয়েছিল এবং ২০৩০ সালের জন্য যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের যৌথ বিডের পরিকল্পনা পরিত্যক্ত হয়েছিল।
তবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড ২০২১ সালে পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজন করেছিল এবং ২০২২ সালে ইংল্যান্ড এককভাবে নারী ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করে, যেখানে ইংল্যান্ড নারী দল (লায়নেসেস) চ্যাম্পিয়ন হয়। এছাড়া ২০২৮ সালের পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড।
ফুটবল অ্যাসোসিয়েশনের (FA) প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম বলেন, “ইউরো ২০২২ আয়োজন আমাদের দেশের ফুটবলের চিত্র বদলে দিতে সাহায্য করেছিল, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক রোল মডেল তৈরি করেছে এবং নারী ও মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়েছে। বিশ্বকাপ আয়োজন আমাদের চারটি দেশেই সেই সাফল্যকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ করে দেবে।”
প্রস্তাবিত ভেন্যুগুলো:
- ইংল্যান্ড (১৪টি): ভিলা পার্ক, দ্য অ্যামেক্স, অ্যাশটন গেট, এল্যান্ড রোড, হিল ডিকিনসন স্টেডিয়াম, এমিরেটস স্টেডিয়াম, সেলহার্স্ট পার্ক, টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, ওয়েম্বলি, ইতিহাদ স্টেডিয়াম, সেন্ট জেমস পার্ক, দ্য সিটি গ্রাউন্ড, স্টেডিয়াম অব লাইট এবং ওল্ড ট্রাফোর্ড। (ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবিত নতুন ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম নির্মিত না হলেও, বর্তমান স্টেডিয়ামটিই বিবেচনায় থাকবে।)
- ওয়েলস (২টি): কার্ডিফ সিটি স্টেডিয়াম এবং প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম।
- স্কটল্যান্ড (২টি): এডিনবার্গের ইস্টার রোড এবং গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক।
- উত্তর আয়ারল্যান্ড (১টি): পুনর্নির্মাণকৃত উইন্ডসর পার্ক। (২০২৪ সালে যুক্তরাজ্য সরকার কেসমেন্ট পার্ক সংস্কারের জন্য তহবিল না দেওয়ায় উত্তর আয়ারল্যান্ড ২০২৮ ইউরো আয়োজনের সুযোগ হারিয়েছিল।)
এছাড়া বার্মিংহামের নতুন পাওয়ারহাউস স্টেডিয়াম, রেক্সহ্যামের সংস্কারকৃত রেসকোর্স গ্রাউন্ড এবং চেলসির সম্ভাব্য নতুন স্টেডিয়াম যুক্ত হতে পারে—যার ফলে মোট ১৬টি শহরের ২২টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হতে পারে।
চারটি সহ-আয়োজক দেশই সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে কি না, সে বিষয়ে ফিফা এখনো সিদ্ধান্ত নেয়নি।
ফুটবলের ভবিষ্যৎ গঠন
ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলসের প্রধান নির্বাহী নোয়েল মুনি বলেন, “ওয়েলস ফুটবলের জন্য এটি একটি গর্বের দিন। আমরা রেক্সহ্যাম ও কার্ডিফকে আয়োজক শহর হিসেবে প্রস্তাব করেছি। আমাদের ১০ বছরের পরিকল্পনা ‘লুনিও সিমরু’-তে ২০৩৫ সালে নকআউট পর্বে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছি।”
আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী প্যাট্রিক নেলসন বলেন, এই আয়োজনের প্রভাব দেশের প্রতিটি ক্লাব এবং প্রতিটি বয়সভিত্তিক পর্যায়ে অনুভূত হবে। তরুণ খেলোয়াড়রা ঘরের মাঠে বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা দেখে বড় হবে, যার কোনো বিকল্প নেই।
স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল বলেন, স্কটল্যান্ডে নারী ও মেয়েদের ফুটবলের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এর ফলে কোচিং এবং অবকাঠামো খাতে যে বিনিয়োগ আসবে, তা আগামী প্রজন্মের ফুটবলের ভবিষ্যৎ গড়ে দেবে।
ফিফার মূল্যায়ন
চলতি মাসের শুরুতে প্রকাশিত ফিফার মূল্যায়নে যুক্তরাজ্যের এই বিডটি ৫-এর মধ্যে ৪.৩ রেটিং পেয়েছে। তবে এর চুক্তিগত কাঠামোকে ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে যে, বিশেষ করে কর (ট্যাক্স) এবং নিরাপত্তা সংক্রান্ত সরকারি গ্যারান্টিতে কিছু শর্ত রয়েছে। ফুটবল-সংক্রান্ত সব কার্যক্রমে ফিফার করমুক্ত সুবিধার দাবির বিষয়ে এখনো পূর্ণ সমঝোতা না হওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ফিফা জানিয়েছে, আয়োজকদের সক্রিয় অংশগ্রহণ এবং হাতে পর্যাপ্ত সময় থাকায় আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের যথেষ্ট সুযোগ রয়েছে।