শীর্ষ সংবাদবাংলাদেশশীর্ষ

নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে আ.লীগ কর্মীদের হামলা: দায়ীদের কারাদণ্ড ও ব্রিটেন থেকে বের করে দেওয়ার দাবি

Spread the love

বাংলা সংলাপ রিপোর্ট:
পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে বাংলাদেশি দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যে সফররত এনসিপির আহ্বায়ক ও গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এই উত্তেজনা ছড়ায়। মি. ইসলাম সভাস্থল ত্যাগ করার পর বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কিছু উগ্র কর্মী এনসিপি নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।সোমবার (১৬ নভেম্বর) রাতে একটি আবাসিক এলাকায় ঘটে যাওয়া এই সহিংসতাকে স্থানীয় ব্রিটিশ রাজনৈতিক নেতারা ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা নিয়ে হামলার পাশাপাশি ডাস্টবিন, বোতল ও ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটে। এদিকে, ব্রিটিশ ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী (শ্যাডো হোম সেক্রেটারি) ক্রিস ফিলিপ এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের কারাদণ্ড এবং তারা ব্রিটিশ নাগরিক না হলে দেশ থেকে বহিষ্কারের (ডিপোর্ট) দাবি জানিয়েছেন। নাইজেল ফারাজের দল ‘রিফর্ম ইউকে’ এই তাণ্ডবের জন্য যুক্তরাজ্যের অভিবাসন নীতিকে দায়ী করেছে। পাশাপাশি ‘রিস্টোর ব্রিটেন’ ও ‘রিফর্ম ইউকে’ ব্রিটিশ রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তুলেছে।

চ্যাডওয়েল হিথের হাই রোডে অবস্থিত ‘মেফেয়ার ভেন্যু’-এর বাইরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে বাংলাদেশের ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান চলাকালে বাইরে এনসিপি এবং প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয় এবং আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বাড়ির জানালা থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করেন এবং অনেকেই মোবাইল ফোনে তা ধারণ করেন।লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানান, “সোমবার রাত ১০টা ১২ মিনিটে চ্যাডওয়েল হিথের হাই রোডে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স দল পাঠাই। সেখানে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, রাত ৯টা ৫৯ মিনিটে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সহিংসতা শুরুর আগে প্রায় ৫০ জনের একটি দল সেখানে বিক্ষোভ করছিল। পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তবে তাঁদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে। পুলিশ পৌঁছানোর পরপরই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এলাকায় নিরাপত্তার স্বার্থে রাতভর অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

May be an image of text
মেট্রোপলিটন পুলিশের ইস্ট এরিয়া কমিউনিকেশনস অফিসার আজ (১৯ নভেম্বর) জানিয়েছেন যে, তদন্তের অংশ হিসেবে সংগৃহীত বিপুল পরিমাণ তথ্য-প্রমাণ কর্মকর্তারা পর্যালোচনা করছেন। এর মধ্যে রয়েছে ভেন্যুর সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের আশপাশের ক্যামেরার ফুটেজ, পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন (শরীরে লাগানো) ক্যামেরার ভিডিও, নিরাপত্তাকর্মীদের ধারণ করা রেকর্ডিং এবং উপস্থিত লোকজন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া ভিডিও উপাদান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলমান রয়েছে।

ঘটনাটি যে নির্বাচনী এলাকায় ঘটেছে, সেই ইলফোর্ড সাউথ আসনের লেবার দলীয় এমপি জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, “চ্যাডওয়েল হিথে যে সহিংসতা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করে জোরালো তদন্ত, এলাকায় টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”

রমফোর্ডের ‘রিফর্ম ইউকে’ দলীয় এমপি অ্যান্ড্রু রোজিনডেল বলেন, “একজন বাংলাদেশি নেতার বক্তব্যের পর চ্যাডওয়েল হিথের হাই রোডে যে সহিংস বিশৃঙ্খলা ঘটেছে, তাতে আমি হতবাক ও মর্মাহত। ব্রিটেনের রাস্তায় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে দল এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের অভিবাসন নীতির সমালোচনা করেছে। দলটির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ ‘এক্স’-এ লিখেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যা টোরি ও লেবার সরকারের অবাধ অভিবাসন নীতিরই ফল।
লন্ডনে এই সংঘর্ষের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা চলছে। দুই বছর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, যার মাধ্যমে তাঁর ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেই গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম বর্তমানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাজ্য সফর করছেন।
উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের একটি আদালতে ৭৯ বছর বয়সী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ব্রিটিশ লেবার দলীয় এমপি টিউলিপ সিদ্দিক তাঁর ভাগ্নি। বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সম্মানে সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুতে একটি সংবর্ধনার আয়োজন করে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স। অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই ভেন্যুর বাইরে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হয় এবং রাত সাড়ে ৯টার দিকে বক্তব্য শেষ করে পেছনের দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যান নাহিদ ইসলাম। তবে শুরুতে বিষয়টি টের পাননি বাইরে থাকা আওয়ামী লীগ সমর্থকেরা। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা বের হওয়ার সময় তাঁদের লক্ষ্য করে ডিম, পানির ও কাচের বোতল এবং গাছের ডাল দিয়ে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা অভিযোগ করেন।
একপর্যায়ে ভেন্যুর ভেতরে আটকা পড়া এনসিপি নেতাকর্মীরা বেরিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এনসিপির দাবি, আওয়ামী লীগ কর্মীদের লাঠিসোঁটার হামলায় তাদের ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম একে ‘কাপুরুষোচিত হামলা’ বলে অভিহিত করেছেন।
অনুষ্ঠানটি প্রতিহত করতে ফেসবুকে আগে থেকেই ডাক দিয়েছিলেন আওয়ামী লীগপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত। তবে তাঁর দাবি, এনসিপির ভাড়াটিয়া নিরাপত্তাকর্মীরা প্রথমে তাঁদের একজনকে ঘুষি মারলে সংঘর্ষের সূত্রপাত হয়। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেন, গত দুই বছরে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ও বিচারবঞ্চিত কর্মীরাই এই প্রতিরোধ গড়ে তুলছেন।
এর আগে গত শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যুক্তরাজ্য সফরে যাওয়া মাহফুজ আলম ও হাসনাত আবদুল্লাহর কর্মসূচিতেও একই ধরনের বিক্ষোভ ও বাধার ঘটনা ঘটেছিল।

এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ‘রিফর্ম ইউকে’ দলের নেতা নাইজেল ফারাজ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি উচ্ছৃঙ্খল জনতা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছে—এমন একটি রাজনৈতিক বিরোধ নিয়ে, যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমরা আমাদের সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করেছি এবং এখন আমাদের রাস্তায় তাদের সেই সংঘাত দেখতে হচ্ছে।” ব্রিটেনের বর্তমান পরিস্থিতিকে ‘ভঙ্গুর’ আখ্যা দিয়ে তিনি আরও হুঁশিয়ারি দেন যে, রিফর্ম ইউকে ক্ষমতায় গেলে যেসব বিদেশি নাগরিক ব্রিটেনের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হবে।

গ্রেট ইয়ারমাউথের এমপি ও ‘রিস্টোর ব্রিটেন’ নেতা রুপার্ট লো একাধিক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “রমফোর্ডের রাস্তায় ‘এনসিপি’ ও ‘আওয়ামী লীগ’-এর মতো প্রতিদ্বন্দ্বী দলের কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধের জেরে বাংলাদেশিরা নিজেদের মধ্যে মারামারি করছে—এসবের মানে কী তা আমি জানি না, আর এই বাংলাদেশিদের বা বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথাব্যথাও নেই।” ‘রিস্টোর ব্রিটেন’ সরকার ক্ষমতায় এলে এদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

কনজারভেটিভ দলের এমপি কেটি ল্যাম বলেন, “এই দেশে এলে বিদেশি রাজনৈতিক কোন্দল পেছনে ফেলেই আসতে হবে; এভাবে চলতে দেওয়া যায় না।” একই সুরে রিফর্ম ইউকে-র সদস্য ক্রিস রোজ এবং জিবি নিউজের কলামিস্ট অ্যাডাম ব্রুকস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা ব্রিটেনের রাস্তায় টেনে আনার তীব্র সমালোচনা করেন। পাশাপাশি কট্টর ডানপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসন এই ঘটনার ভিডিও শেয়ার করে বিশৃঙ্খলায় জড়িত বাংলাদেশিদের দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানান।

এদিকে, এই সংঘর্ষের ঘটনাকে ঘিরে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় বা ‘অ্যাসাইলাম’ ব্যবস্থার অপব্যবহার নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও সচেতন প্রবাসীদের আশঙ্কা, সহিংসতায় জড়িতদের একটি অংশ যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের বৈধতা পেতে এই সংঘর্ষের ভিডিও ফুটেজ ও ছবিগুলোকে নিজেদের ‘রাজনৈতিক নিপীড়নের প্রমাণ’ হিসেবে ব্রিটিশ হোম অফিসের কাছে উপস্থাপন করতে পারে। দেশে ফিরলে জীবনের ঝুঁকি রয়েছে—এমন যুক্তি দেখিয়ে তারা যাতে অ্যাসাইলাম সুবিধা নিতে না পারে, সেজন্য সিসিটিভি ফুটেজ যাচাই করে প্রকৃত বিশৃঙ্খলাকারীদের আবেদন খারিজ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা।
মেট্রোপলিটন পুলিশ এই ঘটনার তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। কারও কাছে ঘটনার সিসিটিভি (CCTV) বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে CAD 7004/16NOV রেফারেন্স নম্বর উল্লেখ করে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া স্বাধীন দাতব্য সংস্থা ‘ক্রাইমস্টপার্স’-এর ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও গোপনে তথ্য দেওয়া যাবে।
এদিকে লন্ডনের রাস্তায় এই সহিংসতার পাশাপাশি বাংলাদেশেও বিগত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ উঠেছে। সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি ও স্থাপনায় আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কর্মীরা। এর কিছুক্ষণ পরই স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে গত কয়েক দিনে কুষ্টিয়ায় এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ, পিরোজপুর ও গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বোমাবাজির মতো ধারাবাহিক সহিংস ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

Spread the love

Leave a Reply