টাওয়ার হ্যামলেটস ব্রাদারহুডের হুঁশিয়ারিঃ বাংলাদেশি পলিটিক্স লন্ডনে চলবে না
বাংলা সংলাপ রিপোর্ট: পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের মেফেয়ার ভেন্যুর সামনে সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষের জেরে এবার কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি তরুণরা। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা হোয়াইটচ্যাপেলে জড়ো হয়ে ‘হোয়াইটচ্যাপেল ব্রাদার্স’ ও ‘টাওয়ার হ্যামলেটস ব্রাদারহুড’-এর ব্যানারে একদল স্থানীয় তরুণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে লন্ডনের রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি বা অশান্তি না করার জন্য কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বুধবার ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত কালো মুখোশধারী একদল তরুণ আলতাব আলী পার্ক এবং হোয়াইটচ্যাপেল স্টেশন সংলগ্ন এলাকা—যেখানে সাধারণত বাংলাদেশি রাজনৈতিক কর্মীরা আড্ডা দেন—সেখানে গিয়ে অবস্থান নেন। এ সময় আড্ডারত বাংলাদেশি রাজনৈতিক কর্মীদের সেখান থেকে সরিয়ে দেন তারা। পরে মুখোশধারী তরুণরা হোয়াইটচ্যাপেলের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে উপস্থিত সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে সিলেটি আঞ্চলিক বাংলা ও ইংরেজিতে বক্তব্য রাখেন।
সব রাজনৈতিক দলের প্রতি বার্তা
বক্তব্যের শুরুতেই স্থানীয় তরুণরা বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি (NCP) এবং জামায়াতসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। তারা বলেন, “আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে আসিনি, আমরা এই এলাকার ছেলে। আজ ঠান্ডা মাথায় ও ভালোভাবে ভাইদের বুঝিয়ে দিতে এসেছি। এখনো সময় আছে, এসব বন্ধ করুন। আপনারা কষ্ট করে এখানে এসেছেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি লন্ডনে আর চলবে না। সামনে যদি গত রোববারের (মেফেয়ার ভেন্যুর) মতো কোনো ঘটনা দেখি, তবে হোয়াইটচ্যাপেলে আর থাকতে পারবেন না। যত মানুষই আসবেন, সবার জন্যই সমস্যা হবে। এখন আপনারা সব ভাইদের মেসেজ দিয়ে দিন—বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামায়াত—যারা যে দলই করেন না কেন, রাজনীতি করতে চাইলে বাংলাদেশে গিয়ে করুন, এই দেশে বাংলাদেশের রাজনীতির কোনো জায়গা নেই।”
কমিউনিটির ভাবমূর্তি ও টিকটক বন্ধের আহ্বান
বাংলাদেশিদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে লন্ডনে কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে এক বক্তা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের কারণে সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে এবং আমাদের মা-বোনদের রাস্তায় চলাফেরায় সমস্যা হচ্ছে। হোয়াইটচ্যাপেলের রাস্তায় এভাবে বিশৃঙ্খলা করা কেমন দেখায়? মানুষ ছিঃ ছিঃ করছে। পাকিস্তানিরাও এমন করে না, অন্যান্য কমিউনিটির মানুষও এমন করে না, শুধু আমাদের বাঙালিদের মাঝেই এসব হচ্ছে।”
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন, “যাদেরকে দেখা যাবে অশান্তি করছে, গালাগালি করছে বা টিকটক বানিয়ে উসকানি দিচ্ছে, তাদের সরাসরি বাধা দেওয়া হবে। কারও কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন।”

পূর্বপুরুষদের ত্যাগ ও কড়া হুঁশিয়ারি
পূর্ব লন্ডনে বাংলাদেশিদের নিরাপদ অবস্থান তৈরিতে পূর্বপুরুষদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে অপর এক বক্তা বলেন, “আমরা এই এলাকায় বড় হয়েছি। গত ৩০-৪০ বছর ধরে আমাদের বাবা-চাচারা এবং আলতাব আলীরা এই রাস্তায় রক্ত দিয়ে আমাদের জন্য এই অবস্থান তৈরি করেছেন। আপনারা কি আলতাব আলীর ইতিহাস জানেন? এখন কিছু মানুষ সেই শান্ত পরিবেশে আগুন লাগাচ্ছে এবং আগুনে আরও পেট্রোল ঢালছে—আর আমরা এসেছি সেই আগুন নেভাতে।”
বিশৃঙ্খলাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “যারা এসব ঝামেলায় জড়িত নন, আপনারা নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য ও চলাফেরা করুন, কোনো ভয় নেই। কিন্তু যারা বিশৃঙ্খলা করছে, সেই ‘ইঁদুর-বিড়াল’ বাচ্চাদের বলে দেবেন যে আজ ‘বাঘের বাচ্চারা’ এসেছে। আমরা আজ শুধু কথা বলতে এসেছি, কাল আর কথা বলতে আসব না। আপনাদের পরিচিত কেউ এসবের সাথে থাকলে মেসেজ দিয়ে দেবেন যেন দেশের রাজনীতি বিদেশে না আনে।”
কমিউনিটির ঐক্য ও নিরাপত্তার ডাক
বক্তব্যের এক পর্যায়ে একজন তরুণ ইংরেজিতে উপস্থিত সবার উদ্দেশ্যে কমিউনিটির ঐক্য ও নিরাপত্তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “একটি কমিউনিটি হিসেবে আমাদের একে অপরকে আঘাত করা বন্ধ করতে হবে—এটাই সবার আগে। আমাদের রাস্তায় মা-বোনেরা আছেন, ছোট শিশুরা আছে, বয়স্ক মানুষ আছেন। আমাদের মধ্যে অনেকে তরুণ ও শক্তিশালী, কিন্তু ওই শিশু, বয়স্ক মানুষ এবং নারীদের সব ধরনের বিপদ থেকে নিরাপদ রাখতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য চলুন আমরা একে অপরকে খুনোখুনি না করি এবং একটি ঐক্যবদ্ধ কমিউনিটি হিসেবে শান্তিতে থাকি।”
বক্তব্যের শেষে ‘হোয়াইটচ্যাপেল ব্রাদার্স’-এর পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” স্লোগানের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
আলতাব আলী পার্কে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি
এর আগে গত ২২ নভেম্বর যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর দলাদলি, পাল্টাপাল্টি মিছিল ও সহিংসতা বন্ধের দাবিতে পূর্ব লন্ডনে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে এক সভা ও সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। “সে নো টু বাংলাদেশি পলিটিক্যাল ভায়োলেন্স ইন দ্য ইউকে” (যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সহিংসতাকে না বলুন) শীর্ষক ব্যানারে ‘কমিউনিটি মুভমেন্ট অ্যাগেইনস্ট বাংলাদেশি পলিটিক্স’ আয়োজিত এই সভায় প্রবীণ মুরুব্বি, সামাজিক সংগঠক, নারী নেত্রী এবং স্থানীয় তরুণ প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
ব্রিফিংয়ে সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলে ধরে কমিউনিটি নেতা সিরাজুল হক বলেন, আলতাব আলী পার্ক এবং সেখানে অবস্থিত শহীদ মিনার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের—যেমন আওয়ামী লীগ বা বিএনপির—সম্পত্তি নয়; এটি সমগ্র বাঙালির জাতীয় ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক। পার্কের পবিত্রতা, সৌন্দর্য এবং কমিউনিটির শান্তি বজায় রাখতে এখন থেকে সেখানে কোনো রাজনৈতিক দলের মিছিল, সমাবেশ বা কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে নিরপেক্ষভাবে পার্কের নিয়ন্ত্রণ নিতে এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানান তিনি। কমিউনিটি এই পদক্ষেপে কাউন্সিলকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও সিরাজুল হক উল্লেখ করেন।
জাতীয় দিবস পালনে নতুন নীতিমালার প্রস্তাব
জাতীয় দিবসগুলো পালনের বিষয়ে সভায় নতুন নীতিমালার প্রস্তাব করা হয়। কমিউনিটি নেতা সিরাজুল হক জানান, আগামী ২১শে ফেব্রুয়ারি ও ১৬ই ডিসেম্বরের মতো জাতীয় দিবসগুলোর অনুষ্ঠান রাতে করা যাবে না; সব আয়োজন সকাল থেকে সারাদিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি এসব অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের ব্যানারে মিছিল বা শোডাউন নিষিদ্ধ করার দাবি জানানো হয়, কারণ পাল্টাপাল্টি মিছিল থেকেই মারামারি ও বিশৃঙ্খলার সূত্রপাত হয়।
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, বাংলাদেশের “পচা ও নোংরা রাজনীতি” আমদানি করে যুক্তরাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ কলুষিত করা হচ্ছে। এর ফলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশ-বিমুখ হয়ে পড়ছে এবং অভিভাবকরা সন্তানদের সামনে লজ্জিত হচ্ছেন। সভা থেকে যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি যেকোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ বন্ধেরও দাবি তোলা হয়। তবে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও অধিকার আদায়ের কর্মকাণ্ড যথারীতি চলবে বলে স্পষ্ট করা হয়।

আইনি ব্যবস্থা ও প্রবাসীদের অবদান স্মরণ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে সিরাজুল হক বলেন, প্রবাসীদের শ্রম, অর্থ ও বিশ্বজনমত গঠনের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ভাবমূর্তি আজ দলীয় সহিংসতার কারণে ক্ষুণ্ন হচ্ছে। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্রিটিশ আইনের আওতায় আনার পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তরুণ প্রতিনিধির বক্তব্য ও মুরুব্বিদের প্রতি আহ্বান
একই সভায় তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে একজন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট করেন যে, প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্ম বাংলাদেশের দলীয় রাজনীতি নিয়ে মাথা ঘামায় না। তবে রাজনৈতিক কর্মীদের বিশৃঙ্খলার কারণে কমিউনিটির মুরুব্বিরা চিন্তিত হয়ে পড়েন এবং মূলধারার সমাজে বাঙালিদের ভাবমূর্তি নষ্ট হয়।
সাম্প্রতিক সময়ে হোয়াইটচ্যাপেলের রাস্তায় তরুণদের অবস্থান নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা কারও বিরুদ্ধে নই বা কাউকে ভয় দেখাতে রাস্তায় নামিনি; বরং কমিউনিটিকে রক্ষা করার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই আমরা এগিয়ে এসেছি।”
আমেরিকায় জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর কৃষ্ণাঙ্গ কমিউনিটির ঐক্যবদ্ধ প্রতিবাদের উদাহরণ টেনে তিনি উপস্থিত মুরুব্বি, চিকিৎসক ও পেশাজীবীদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে এই রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অতীতে এক বিক্ষোভে সবাইকে মুখোশ পরতে উৎসাহিত করার ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “দয়া করে দেশের রাজনীতি এখানে এনে আমাদের কমিউনিটির সুনাম আর নষ্ট করবেন না।”
সভায় উপস্থিত কমিউনিটির বিশিষ্টজনরা এই আন্দোলন শুধু লন্ডনে সীমাবদ্ধ না রেখে পুরো যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে দিয়ে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুর সামনে বাংলাদেশি দুটি রাজনৈতিক পক্ষের সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।